মিমির নতুন ধারাবাহিক মা
অভিনেত্রী ও পরিচালক আফসানা মিমি আরেকটি নতুন ধারাবাহিকের কাজ শুরু করছেন। এটি হবে তাঁর পরিচালিত সপ্তম ধারাবাহিক। নতুন বছরের শুরুতে ধারাবাহিকটির কাজ শুরু হবে বলে পরিচালক সূত্রে জানা গেছে। বর্তমানে নাটকটির চিত্রনাট্যের কাজ চলছে। আফসানা মিমি পরিচালিত নতুন এ ধারাবাহিকটির নাম ‘মা’। লিখছেন নজরুল ইসলাম। নাটকের কাহিনিতে দেখা যাবে রাহেলা বেগমের সংসার এখন দেশে-বিদেশে ছড়িয়ে আছে। সন্তানেরা সবাই এখন বড় হয়েছে। তাঁদের ছেলেমেয়ে হয়েছে। প্রত্যেকেই আলাদাভাবে এবং আদর্শে বড় হচ্ছে। রাহেলা বেগমের স্থায়ী কোনো থাকার জায়গা নেই। তিনি কখনো গ্রামে ছোট ছেলের কাছে থাকেন। কখনো ঢাকায় এসে বড় ছেলেমেয়ের কাছে থাকেন। মাকে নিয়ে সবখানে শুরু হয় নানা সমস্যা। এ রকমই একটি মানবীয় বিষয় নিয়ে নির্মিত হবে নতুন ধারাবাহিক নাটক মা।ধারাবাহিকটি সম্পর্কে আফসানা মিমি বলেন, ‘বেশ কিছুদিন ধরে একটি নতুন ধারাবাহিকের কাজ শুরু করব ভাবছিলাম। এরই মধ্যে নজরুলের মা গল্পটা শুনে বেশ ভালো লেগে যায়। তারপর চিন্তা করলাম এটি নিয়ে কাজ করলে তো মন্দ হয় না। এভাবেই মূলত গল্পটি নির্বাচন করা।’মিমি আরও বলেন, ‘নতুন বছরের শুরুতে নাটকটির নির্মাণকাজ শুরু করা হবে। এখন পর্যন্ত অভিনয়শিল্পী চূড়ান্ত হয়নি। তবে ডিসেম্বরের মাঝামাঝি এটা চূড়ান্ত করে ফেলতে পারব বলে মনে করছি।’উল্লেখ্য, বর্তমানে আফসানা মিমি পরিচালিত দীর্ঘ ধারাবাহিক ‘পৌষ ফাগুনের পালা’ এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে।