মিমের কলকাতা যাত্রা

: হ্যালো, আপনি কোথায়?
: কলকাতায়। ঢাকায় ফিরছি। এখন বিমানবন্দরে যাচ্ছি। ঢাকায় নেমে কথা বলব।
১৭ নভেম্বর বিকেলে মুঠোফোনে কথা হচ্ছে বিদ্যা সিনহা মিমের সঙ্গে। ঢাকার চেয়ে মিম এখন বেশি ব্যস্ত কলকাতায়। এবারই প্রথম কলকাতায় তাঁর ছবি মুক্তি পাচ্ছে। নাম ব্ল্যাক। পরিচালক রাজা চন্দ।
কথা রেখেছেন মিম। বাসায় ফিরেই ফোন করলেন। দারুণ খুশি।
: এত খুশি! ব্যাপার কী?
: কলকাতায় আমার ছবি মুক্তি পাচ্ছে। এটা কিন্তু আমার জন্য অনেক বড় খবর।

১৫ নভেম্বর মিম কলকাতায় যান। এবার তিনি গেছেন ছবির প্রচারণার কাজে। জি বাংলার ‘দিদি নাম্বার ওয়ান’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি আর ব্ল্যাক ছবির নায়ক সোহম। সংগীত বাংলার জন্য চারটি অনুষ্ঠান করেছেন। ছবি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনেও অংশ নিয়েছেন।
বলেন, ‘এটা আমার জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা।’
মিম জানান, ‘দিদি নাম্বার ওয়ান’ অনুষ্ঠানের সঞ্চালক রচনা ব্যানার্জির সঙ্গে তাঁর পরিচয় হয়েছে। রচনা নিজে চলচ্চিত্রের একজন তারকা। এই অনুষ্ঠানের শুটিংয়ে নাকি মিমের উচ্চতা নিয়ে অনেক মজা হয়েছে। একজন তো পাশ থেকে বলেই ফেললেন, ‘ওমা এত লম্বা!’ সোহম বলেন, ‘না না, ও লম্বা না। হিল পরে লম্বা হয়েছে।’ পরে মিমের পাশে দাঁড়ানোর জন্য সোহমকে কম উচ্চতার একটা টুল দেওয়া হয়।
এবার মিমের কলকাতা যাত্রার গল্প শুনব। ব্ল্যাক ছবির নির্মাতাদের সঙ্গে কবে যোগাযোগ হলো? মিম বলেন, ‘এ বছর জুন মাসে। আমি তখন কলকাতায়। ছবির প্রযোজক রানা সরকার আমার সঙ্গে দেখা করলেন। ছবি নিয়ে অনেক কথা হলো। এক মিটিংয়েই সবকিছু চূড়ান্ত হয়। এরপর ছবি সাইন করে দেশে ফিরি।’
এরই মধ্যে ব্ল্যাক ছবির দুটি গান ইউটিউবে এসেছে। ২৪ নভেম্বর পর্যন্ত ছবির ‘হালকা হালকা’ গানটি দর্শকেরা ইউটিউবে দেখেছে সাড়ে আট লাখবার আর ‘ঢিপ ঢিপ বুকের মাঝে’ গানটি ৩ লাখ ৬৩ হাজার ৭৯০ বার।
অল্প সময়ের জন্য হলেও কলকাতায় কয়েকটি প্রচারণায় অংশ নিয়েছেন মিম। কলকাতায় রাস্তা আটকে ছবির প্রচারণা অনুষ্ঠান হয়। মিমকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন রাজা চন্দ। তিনি সবাইকে প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখার জন্য আহ্বান জানান। মিম সেখানে সবার সঙ্গে সেলফি তুলেছেন। কথা বলেছেন বিভিন্ন পত্রিকা আর টিভি চ্যানেলের সঙ্গেও।
ব্ল্যাক যৌথ প্রযোজনার ছবি। কিন্তু বাংলাদেশে কক্সবাজারে শুধু একটি গানের দৃশ্যের কাজ হয়েছে। মিম বলেন, ‘এ ব্যাপারে আমি কিছুই বলতে পারব না। দুই দেশের প্রযোজকেরা ভালো বলতে পারবেন।’
কথা ছিল ব্ল্যাক ছবিটি ভারতের পশ্চিমবঙ্গ আর বাংলাদেশে একই দিনে মুক্তি দেওয়া হবে। কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় বাংলাদেশে ছবিটি মুক্তি দেওয়ার তারিখ পিছিয়ে দেওয়া হয়।
ব্ল্যাক ছবির বেশির ভাগ কাজ হয়েছে ভারত আর থাইল্যান্ডে। শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে মিম বলেন, ‘কলকাতার ছবিতে প্রথম কাজ করছি। তাই শুরুতে একটু মানসিক চাপ ছিল। পরে অবশ্য সবার সহযোগিতায় সবকিছু খুব সহজ হয়ে যায়। ওখানে সবচেয়ে ভালো লেগেছে সময় ব্যবস্থাপনার দিকটি। আমাদের কল টাইম থাকত ভোর পাঁচটায়। এই সময়ের মধ্যে সব শিল্পী চলে আসতেন। সোহম প্রতিদিন আমার আগেই সেটে চলে আসতেন। একদম ভোর পাঁচটায়। ছয়টা থেকে শুটিং শুরু। শেষ হতো সন্ধ্যা সাতটায়। সবকিছু আগে থেকেই গোছানো। কোথাও এতটুকু ঝামেলা নেই। ঢাকার কাজের সঙ্গে কলকাতার এখানেই বড় পার্থক্য।’
কিন্তু মিম তো এ দেশের মেয়ে। তাঁকে এ দেশের সবকিছু নিয়েই কাজ করতে হবে। এ ব্যাপারে মিম নিজেও শতভাগ একমত। নিজের সামনের কাজগুলো নিয়ে বলেন, কলকাতায় আরও দুটি ছবিতে অভিনয় করবেন তিনি। আলোচনা চূড়ান্ত হয়েছে। ব্ল্যাক মুক্তি পাওয়ার পরই এই দুই ছবিতে সাইন করবেন তিনি।
আর ঢাকার ছবি?
মিম বলেন, সামনে এখানে তানিয়া আহমেদ পরিচালিত গুডমর্নিং লন্ডন আর ওয়াজেদ আলীর সুইটহার্ট নামে দুটি ছবি মুক্তি পাবে।