মিমের ছোটগল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যা সিন্হা সাহা মিম—কে রেখেছিল এই নাম? ত্বরিত উত্তর এল, ‘মামা, স্বপন সাহা।’ তো বিদ্যা নামের মানুষটির বিদ্যাশিক্ষা অর্জন কেমন চলছে? মিমের চোখে শঙ্কা, ‘কিছুক্ষণ পরই তো পরীক্ষায় বসতে হবে! সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়ছি। তৃতীয় সেমিস্টারের টিউটোরিয়াল পরীক্ষা আজ।’ পরীক্ষার কথা মনে হতেই চোখে কিসের শঙ্কা খেলেছিল? মিম হাসেন, ‘কাজের ফাঁকে ফাঁকে পড়াশোনা করতে হয়, ভীষণ চাপের মধ্যে থাকি। চেষ্টা করি পড়াশোনা ঠিকঠাকভাবে করতে। এটা নিয়ে তো একটা চিন্তা থাকেই মাথার মধ্যে।’ মিমের মাথায় এখন আরেকটি চিন্তাও অবশ্য খেলা করছে রাতদিন—জোনাকির আলো। খালিদ মাহমুদ মিঠুর এই ছবির কাজ শুরু হয়েছে এপ্রিল থেকে। ছবিটির শুটিং করতে গিয়ে ভয়ানক এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন মিম! বসার ঘরের জানালা দিয়ে মেঘ দেখা যাচ্ছিল, বৃষ্টি হবে হবে...আকাশ ডাকছিল না, তবে আকাশ-ডাকা একটা দিনের কথা শোনালেন মিম, ‘জোনাকির আলো ছবিটির শুটিং করতে গিয়েছিলাম সেন্টমার্টিনসে। সেখান থেকে ছেঁড়াদ্বীপে। শুটিং শুরু হয়নি তখনও। হঠাৎ আকাশ ছেয়ে গেল কালো মেঘে। প্রচন্ড বাতাস! উত্তাল সমুদ্র। ইয়া বড় বড় ঢেউ। শুনলাম, তিন নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে! আমাদের জানে আর পানি নেই। তাড়াতাড়ি একটা ট্রলারে চেপে বসলাম সবাই। মনে হচ্ছে পেছন থেকে ধেয়ে আসছে কোনো দৈত্য! আমরা ছুটছি তীরের দিকে।’ সব শুনে মনে হলো, রোমান্টিক ছবি নয়, মিম গিয়েছিলেন অ্যাডভেঞ্চার ছবির শুটিং করতে!কেবল অ্যাডভেঞ্চারই নয়, দুই বছর বাদে আরেকটি ছবিতে কাজ করতে গিয়ে মিম মুখোমুখি নতুন আরেক অভিজ্ঞতার। কী সেটা? খানিকক্ষণের ভাবনা, তারপর এলো উত্তর, ‘আগে তো অভিনয় বিষয়টা ততটা রপ্ত ছিল না। এখন নাটকে অভিনয় করতে করতে চরিত্রগুলো রপ্ত করার বিষয়টি শিখছি। তাই এই ছবিটাতে কাজ করতে গিয়ে বুঝতে পারছি, আগের চেয়ে ভালো করছি। আসলে শেখার অনেক বাকি আছে।’ শেখার জায়গা নাটক থেকে কি দূরে চলে যাচ্ছেন? ডানে-বাঁয়ে মাথা নাড়েন মিম, ‘নাটক ছাড়ছি না, সংখ্যায় কমিয়ে দিচ্ছি। আমার প্রধান লক্ষ্য ছবিতে বেশি বেশি কাজ করা। এখন অলসপুর নামের একটা ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে। এক ঘণ্টার নাটকও যাচ্ছে বিভিন্ন চ্যানেলে। তবে ছবিতে কাজ করতে গিয়ে এবার ঈদের নাটক বেশি করতে পারিনি।’ গানও করছেন মিম। ‘করছেন’ বলাতে অবশ্য আপত্তি জানালেন ২০০৭ লাক্স-চ্যানেল আইয়ের এই সুপারস্টার, ‘শেষবার গান করেছিলাম ক্লাস এইটে থাকতে। তখন নিয়মিত তালিম নেওয়া হতো। মা-বাবাও চাইতেন বড় সংগীতশিল্পী হই। জাতীয় পর্যায়ে দুবার পুরস্কারও পেয়েছিলাম। এতদিন বাদে গান গাইলাম এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। রেকর্ডিং শেষে মনে হলো, এই গান শুনে সবাই পালাবে! তবে প্রশংসাও করলেন অনেকে।’ছোটবোন প্রজ্ঞা সিন্হা সাহা অবশ্য প্রশংসা না-ও করতে পারেন! মিমের বড় সমালোচক সে-ই কিনা। দশম শ্রেণী পড়ুয়া এই বোন নাকি কখন কখনও তাঁর বড় বোনের ভূমিকায় অবতীর্ণ হয়! ‘নাহ, মিমদি, এই জায়গায় তোমার অভিনয় আরও ভালো হতে পারত। কিংবা তুমি বরং এই গোলাপি রঙের ড্রেসটা পরো। এই হলো প্রজ্ঞা। আমার মায়ের জন্য আমি এতদূর এসেছি, তবে ওর কথা না বললেই নয়। লাক্স-চ্যানেল আইয়ে আসার সময় ও পড়ত ক্লাস ফোরে। তখন থেকেই মা আমার সঙ্গে থাকেন ছায়ার মতো। প্রজ্ঞাকে সময়ই দিতে পারেন না ঠিকঠাক। তাই ও যদি এত লক্ষ্মী হয়ে না থাকত, তাহলে আমার কাজ মাথায় উঠত।’তাই সময় পেলেই ছোট বোনটাকে মাথায় করে রাখছেন মিম। সময় পেলেই ঘুরে আসছেন পরিবার নিয়ে। কদিন আগেই মা-বাবা-বোনকে নিয়ে ঘুরে এলেন প্রিয় গন্তব্য ব্যাংকক থেকে। ‘খুব নির্ভার কয়েকটা দিন কাটিয়ে এসেছি। খুব ক্লান্ত লাগে মাঝে মাঝে। তারপরও সময় করে লেখালেখি করছি। গত একুশে বইমেলায় বেরিয়েছিল আমার প্রথম বই শ্রাবণের বৃষ্টিতে ভেজা। নতুন আরেকটা উপন্যাস লিখছি। আপাতত তা ছোটগল্পের আকার পেয়েছে। লিখে যাচ্ছি, দেখা যাক কাহিনী কোথায় গিয়ে গড়ায়!’ মিমের জীবনটাও নিজের উপন্যাসের মতো নয় কি! এখন কেবল একটা ছোটগল্পের আকার পেয়েছে, পথচলার এখনও অনেকদূর বাকি। মিমের বিশ্বাসও তেমনটাই।