মিমের ব্যাংকক সফরে 'রথ দেখা আর কলা বেচা'

‘ব্ল্যাক’ ছবির একটি গানের দৃশ্যের শুটিংয়ের কাজে ৪ অক্টোবর অভিনেত্রী মিম গিয়েছিলেন ব্যাংককে। সেখানে শুটিং হয়েছে চার দিন। হাতে কাজের চাপ কম, তাই শুটিংয়ের পর আরও চারটি দিন তিনি সেখানেই ছিলেন। এ সময় মিমের সঙ্গে ছিলেন তাঁর পুরো পরিবার। মিমের বাবা অধ্যাপক বীরেন্দ্রনাথ সাহা, মা ছবি সাহা আর বোন মমি।
আজ মঙ্গলবার দুপুরে মিম জানিয়েছেন, সবাই একসঙ্গেই গিয়েছিলাম। শুটিংয়ের বাইরের পুরো সময়টাই সবাই দারুণ উপভোগ করেছি। শুটিংও হলো, বেড়ানোও হলো, আবার কেনাকাটাও হলো।’
এবার ব্যাংকক সফরে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের যেন রথ দেখা আর কলা বেচা— সব কাজই হয়েছে।

সপরিবারে ব্যাংকক, পাতায়াসহ আশপাশের আরও কিছু জায়গায় ঘুরে বেড়িয়েছেন তাঁরা। সামনেই শারদীয় উৎসব; দুর্গাপূজা উপলক্ষে তাই কেনাকাটাও করেছেন সবাই। গতকাল সোমবার রাতে দেশে ফিরেছেন তাঁরা।
কথা প্রসঙ্গে মিম জানিয়েছেন, শুক্রবার সকালে কক্সবাজার যাচ্ছেন তিনি। সেদিন কক্সবাজারে আসবেন ‘ব্ল্যাক’ ছবির পরিচালক রাজা চন্দ, নৃত্য পরিচালক বাবা যাদব আর ছবির নায়ক সোহম। কক্সবাজারে এ ছবির শুটিং হবে দুই দিন। গানের দৃশ্যের কাজ হবে সেখানে।
‘ব্ল্যাক’ ছবির শুটিংয়ের কলকাতা ও ব্যাংককের অংশ শেষ হয়েছে। এবার শুটিং শুরু হবে কক্সবাজারে। এ ছবি কলকাতায় মুক্তি পাবে ৬ নভেম্বর। তবে ঢাকায় কবে মুক্তি পাবে, তা এখনো জানা যায়নি।