মিমের সঙ্গে কিছুক্ষণ

বিদ্যা সিনহা মিমের সঙ্গে আকস্মিক কথা হলো ইস্তাম্বুল এয়ারপোর্টে। অন্তত দুই দশকের ব্যবধানে নতুন প্রজন্মের কোনো এক অভিনেত্রীর সঙ্গে চলচ্চিত্র বিষয়ে কথা হলো।
নব্বই দশকের শেষের দিকে একটি রিপোর্ট করতে অভিনেত্রী আফসানা মিমির সঙ্গে কথা বলেছিলাম। তিনি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কোনো একটি দৃশ্যে অভিনয় না করতে চাইলে সমস্যা দেখা দিয়েছিল। সেটা কিছুটা সরকারি পর্যায়ের বিষয় ছিল। কারণ ওই ঘটনা নিয়ে দৈনিক মুক্তকণ্ঠ-এ (অধুনালুপ্ত) ‘ঢাকা-প্যারিস কূটনৈতিক টানাপোড়েন’ শিরোনামে খবর ছাপা হয়েছিল।
শ্রীজিত মুখার্জির কাকাবাবুতে বরফের পাহাড়ের এক দৃশ্যে অভিনয়ের জন্য বিদ্যা সিনহা মিম সুইজারল্যান্ডে গেছেন। তিনি এবারই প্রথম হিন্দি ভাষায় নির্মীয়মাণ ভারত-বাংলাদেশ চলচ্চিত্র ইয়েতির অভিযান-এ অভিনয় করছেন। প্রসেনজিৎ, জিশু, ফেরদৌসরাও এখন সুইজারল্যান্ডে।
তবে হিন্দি ছবির প্রতি যে অতি ঝোঁক, সেটা কি যৌথ প্রযোজনার ছবি আরও বাড়াবে না কমাবে, সেই প্রশ্নে মিম বলেন, এ রকম যৌথ ছবি আগে বেশি ছিল, সেটা বরং কমেছে।
তাঁর প্রায় এক দশকের অভিজ্ঞতা। চলচ্চিত্রের বাজেট এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নিয়ে এ সময়ে তাঁর নিজের কোনো ভাবনার জায়গা তৈরি হয়েছে কি না, জানতে চাইলে তিনি এর সরাসরি উত্তর দেননি। বলেছেন, ‘আমাদের দেশে প্রেক্ষাগৃহ নেই। পুরো পরিবার মিলে হলে গিয়ে ছবি দেখার পরিবেশে শাবানা-ববিতারা তৈরি হয়েছেন, মৌসুমী-শাবনূররা হয়তো কিছুটা সেটা পেয়েছেন, এরপর শূন্যতা তৈরি হয় এবং সেটা চলছে। কলকাতায় সম্প্রতি ৭৫ বছর বয়স্ক একজন নারী হলে এসেছেন, এমনটা আমরা পাই না। মিমের মতে, এটা চাইলে সবার আগে হল তৈরি করতে হবে। এটা সরকারি না বেসরকারি খাত পূরণ করবে, সেটা জানা নেই মিমের। তবে তিনি খুশি হবেন যদি এটা সরকার করে। কারণ তাঁর মতে, চলচ্চিত্র একটি আন্তর্জাতিক অঙ্গন। খেলা দিয়ে যেভাবে, সেভাবে চলচ্চিত্র দিয়ে একটি রাষ্ট্রের পরিচিতি গড়ে উঠতে পারে।
দীপিকা পাড়ুকোনরা যেভাবে হলিউডে জায়গা করে নিয়েছেন, তার সঙ্গে বাংলাদেশের অবস্থানের তুলনা করতেই এলো ভাষার প্রসঙ্গ। বিদেশি ভাষায় অভিনয় বা সংলাপ বলার সামর্থ্য রাখা কলাকুশলীদের একটা অনুমেয় সংখ্যা বলতে বলার অনুরোধ করা হলে মিম চট করে তা বলেননি। তবে নির্দিষ্ট করে বলতে বললে তাঁর উত্তর: শতকরা ৬০ ভাগের বেশি কলাকুশলী বিদেশি, বিশেষ করে ইংরেজি ভাষার ছবিতে অভিনয় করতে পারবেন বলে তিনি মনে করেন। এই তরুণী অভিনেত্রী এমন একটি চমকপ্রদ দাবি করতে পারেন তা ভাবিনি।
কতজন দীপিকা বা সম্ভাবনাময় দীপিকা তৈরি করতে পারি আমরা? মিমের উত্তর: আন্তর্জাতিকতা প্রশ্নে আমাদের অবস্থান কোথায় সেটা আগে বিবেচ্য। দেশ সেটা কতটা নিতে পারছে, তা ভাবা দরকার। আজকের দীপিকা যেখানে গিয়েছেন, সেখানে হলিউড তাঁকে চেনে। আমাদের দেশের কোনো শিল্পী কেন, পুরো শিল্পই তো ওই পর্যায়ে যায়নি। আসলে এমন নয় যে হলিউডে কাজ করার জন্য তাঁরা নিজেদের তৈরি করেছেন, যখন একটা চাপ তৈরি হয়, তখন মানুষ কিন্তু নিজেকে বদলায়, তৈরি করে।
‘দীপিকারা দেশের শিল্পে এমন নিষ্ঠাভরে কাজ করেছেন যে তাঁর জন্য ওই আন্তর্জাতিক জায়গাটা তৈরি হয়েছে। ওই জায়গায় যেতে আমাদের অনেক সময় লাগবে, সেটা সরকার এবং সবাই মিলে কাজ করতে হবে।’ বললেন মিম।
হিন্দিতে এই প্রথম সংলাপ আওড়াচ্ছেন বিদ্যা সিনহা মিম। এর মানে বিদেশি ভাষায় এটা তাঁর প্রথম অভিষেক। অথচ এই ছবির প্রস্তাব যখন তিনি গোড়াতে কৃতী পরিচালক শ্রীজিতের কাছ থেকে পেয়েছিলেন, তখন কিন্তু বলেছিলেন, তিনি হিন্দি সেভাবে বলতে পারেন না। কিন্তু পরে তাঁর কথায়, এক ভারতীয় ভদ্রমহিলা তাঁকে রপ্ত করিয়েছেন। উচ্চারণ পরিশীলিত করতে তিনি তাঁকে সাহায্য করেছেন। ‘যেমন আমি “বাকোয়াজ”কে বাকোচ বাকোচ বলছিলাম।’
ধরুন, কোনো কারণ ছাড়াই রাষ্ট্রীয় সহায়তায় ইংরেজি সংলাপে একটি চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নেওয়া হলো। তখন কী হবে? সরকারকে কি বিদেশ থেকে অতিথি শিল্পী নিতে হবে? নাকি বাংলাদেশি শিল্পীরাই এটা পূরণ করার সামর্থ্য রাখেন?
উত্তরে মিম: ‘আন্তর্জাতিক চাহিদা মেটাতে হলে অবশ্যই আমি চ্যালেঞ্জটা নেব। কিন্তু দেশের অভ্যন্তরীণ চাহিদা তো মেটানোর দরকার পড়বে না।’ ভারতীয় অনেক শিল্পী অনর্গল ইংরেজি বলেন, কথায় কথায় সেটা উঠলে মিম দ্রুত স্মরণ করিয়ে দেন, ‘এক শ ভাষার দেশ ভারতে যে কারণে ইংরেজির কদর আছে, সেই কারণ বাংলাদেশে অনুপস্থিত।’
বাহুবলীর বিস্ময়কর প্রযুক্তিনির্ভরতার আংশিক অনুসরণ সম্ভব কি না, সেই প্রশ্নে মিম বলেন, তিন শ কোটি টাকার একটা বিনিয়োগ দরকার। আবার যন্ত্রপাতি আমদানি করলেই হবে না, প্রযুক্তি জ্ঞানসম্পন্ন কারিগরি মানুষও লাগবে। যাকে বলে যন্ত্রের পেছনের মানুষ। তিনি বলেন, এখনো চলচ্চিত্রের অনেক কারিগরি কাজ সম্পন্ন করতে ভারতে যেতে হয়। এই পরনির্ভরশীলতা কাটিয়ে উঠতে হবে। তাঁর কথায়, ‘আমরা এখনো বহু ক্ষেত্রে বেশ পিছিয়ে।’ মিম সে জন্য যথাযথ ইনস্টিটিউট গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি অবশ্য থিয়েটার শিক্ষা একাডেমির অভাব পূরণ করছে বলেও উল্লেখ করেন। তিনি স্বীকার করেন, সাউথইস্ট থেকে বাংলায় পড়লেও চলচ্চিত্র বিষয়ে তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়া হয়নি এখনো।
মিমের সঙ্গে আলাপচারিতায় একটা ছন্দপতন ঘটল। যখন বললাম, তাঁর মনে হয় কি না চলচ্চিত্রশিল্পের বিকাশ যথেষ্ট বাধাগ্রস্ত হওয়ার পেছনে সাম্প্রদায়িকতা ও কূপমণ্ডূকতা একটা অন্যতম বাধা?
তখন তিনি সম্মতিসূচক মাথা নাড়লেও তাঁর সংলাপ আর শোনা যায় না। ‘বিষয়টা আছে, কিন্তু সেটা তো...।’