মিম-ইমনের এক অন্যরকম সন্ধ্যা

জীবনের অন্যরকম এক সুন্দর সন্ধ্যা কাটালেন ঢাকাই চলচ্চিত্রের এ সময়ের আলোচিত জুটি ইমন ও মিম। এক হাজার অনাথ শিশুর সঙ্গে এক ইফতার আয়োজনে যোগ দিলেন তাঁরা। শুধু তাই নয়, এতিমখানার এসব অনাথ শিশুদের নিজ হাতে ইফতারির খাবার তুলে দেন মিম ও ইমন। তাঁরা দুজনেই জানিয়েছেন, আজিমপুরের এতিমখানায় কাটানো এই সন্ধ্যা তাঁদের জীবনের অন্যতম একটা সেরা মুহূর্ত হয়ে থাকবে।

ঈদে বিভিন্ন প্রেক্ষাগৃহে আসছে মিম ও ইমনের নতুন চলচ্চিত্র পদ্ম পাতার জল। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রচারণা শেষে তাঁরা এবার দুজন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিলেন। এরই অংশ হিসেবে গতকাল সন্ধ্যায় ইমন-মিমসহ ছবির ইউনিটটি হাজির হয় আজিমপুরের স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায়। সেখানে প্রায় এক হাজার শিশু-কিশোরের সঙ্গে ইফতার আয়োজনে অংশ নেন তাঁরা।
চিত্রনায়ক ইমন বলেন, ‘আমার জীবনে এ ধরনের অভিজ্ঞতা একেবারেই নতুন। গতকাল সন্ধ্যার মুহূর্ত কখনো ভোলার নয়। এত গুলো ফুটফুটে বাচ্চাদের মাঝে বসে একসঙ্গে সঙ্গে ইফতার করতে পেরে আমি খুব খুশি। আমি বারবার আসতে চাই, এই বাবা-মা ছাড়া ছেলেমেয়েদের কাছে।’

মিম বলেন,‘আমি আগে কখনো এতিম খানায় আসিনি। এখানে এসে এ রকম শত শত ছেলেমেয়ে দেখে, বাচ্চাদের সঙ্গে সময়টুকু কাটিয়ে আমার অন্য রকম একটা ভালো লাগা তৈরি হয়েছে। এদের খাওয়াতে পেরে যে কি যে ভালো লেগেছে তা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না।’

পদ্ম পাতার জল ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে লতিফুল ইসলাম শিবলী জানান, শুধু মাত্র সিনেমার প্রচারণার জন্যই না, সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এ ধরনের আয়োজন করেছি। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করব আশা করি।
তন্ময় তানসেন পরিচালিত পদ্ম পাতার জল সিনেমার অন্য অভিনয়শিল্পীরা হলেন তারিক আনাম খান, অমিত হাসান, নিমা রহমান, চিত্রলেখা গুহ, আবু হেনা রনি, নয়ন খান, রোমানা, স্বর্ণাপ্রমুখ।