মিলন ও ববির ‘দেহরক্ষী’
মিলন ও ববি—দুজনেই ছোট পর্দায় কাজ করেছেন। এবার তাঁরা বড় পর্দায় অভিনয় করলেন একসঙ্গে। মিলন-ববি জুটির প্রথম ছবির নাম দেহরক্ষী। পরিচালক ইফতেখার চৌধুরী। বাংলা নববর্ষ উপলক্ষে ১২ এপ্রিল দেহরক্ষী ছবিটি মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ফ্যাটম্যান ফিল্মস সূত্রে জানা গেছে, শ-খানেক প্রেক্ষাগৃহে দেহরক্ষী ছবিটি মুক্তি দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। মিলন বলেন, ‘সবাইকে প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখার আহ্বান জানাচ্ছি। তারপর দর্শকেরাই মন্তব্য করবেন। আমার প্রথম ছবি হাজার বছর ধরে। এ ছাড়া আরও চারটি ছবিতে অভিনয় করেছি। তবে যে কয়টি ছবিতে কাজ করেছি, সেগুলো থেকে দেহরক্ষী একেবারেই আলাদা।’ববি বলেন, ‘মিলন ভাইয়ের সঙ্গে জুটি হয়ে গত বছর মিস আন্ডারস্ট্যান্ডিং নামের একটি নাটকে অভিনয় করেছিলাম। বড় পর্দায় আমি প্রথম অভিনয় করি খোঁজ দ্য সার্চ ছবিতে। দেহরক্ষী আমার দ্বিতীয় ছবি। এই ছবিতে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ।’