মিলন মাহমুদের ‘পরবাস’
‘ধ্যান’, ‘আহ্বান’, ‘চারিদিকে কোলাহল’, ‘গোপনে’, ‘মন যমুনা’ ও ‘স্বপ্নডানা’র পর এবার আসছে মিলন মাহমুদের নতুন একক অ্যালবাম ‘পরবাস’। বরাবরের মতো এবারও অ্যালবামের গানগুলোর কথা ও সুর করেছেন মিলন মাহমুদ নিজে। একটি গানের কথা লিখেছেন অনিন্দিতা শাহনাজ। আর সংগীতায়োজন করেছেন বনি আহমেদ এবং এফ এ সুমন। অ্যালবামে গান রয়েছে নয়টি। এর মধ্যে একটি গান আলিফ নামের একজন প্রতিবন্ধী ছেলেকে উৎসর্গ করা হয়েছে বলে জানান মিলন মাহমুদ।জানা গেছে, ‘পরবাস’ অ্যালবামটি সাজানো হয়েছে লোকগান দিয়ে। এটি মিলন মাহমুদের দ্বিতীয় লোকগানের অ্যালবাম। মিলন মাহমুদ বলেন, ‘অ্যালবামের সব কটি গান লোকধাঁচের হলেও গানের কথার মধ্যে আধ্যাত্মবাদ, আত্মদৈন্য, প্রেম, মৃত্যুভয়—এসব বিষয়ে বলার চেষ্টা আছে। আমি সব সময় চেষ্টা করি, অ্যালবামের সব কটি গান যেন যুগ যুগ ধরে শ্রোতারা শোনেন। “পরবাস” অ্যালবামটি তৈরির সময়ও এই ভাবনাকে গুরুত্ব দিয়েছি।’এদিকে প্রতিবন্ধী ছেলেকে নিয়ে গান করা সম্পর্কে মিলন মাহমুদ বলেন, ‘আলিফ আমার গানের ভীষণ ভক্ত ছিল। জীবনের সঙ্গে লড়াই করে মাস তিনেক আগে সে পৃথিবীর মায়া ত্যাগ করেছে। আলিফের চলে যাওয়াটা আমাকে অনেক কষ্ট দিয়েছে। তার প্রতি ভালোবাসা জানাতে “বিদায়” শিরোনামের গানটি করেছি।’ ঈদ উপলক্ষে ‘পরবাস’ অ্যালবামটি বাজারে এনেছে জি-সিরিজ। অ্যালবামটি উত্সর্গ করা হয়েছে সদ্যপ্রয়াত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে।মিলন জানান, এ অ্যালবাম ছাড়াও সম্প্রতি রেদওয়ান রনির পরিচালনায় নির্মিত ‘চোরাবালি’ চলচ্চিত্রের একটি গানের সংগীত পরিচালনার কাজ করেছেন তিনি। এই চলচ্চিত্রের সব কটি গান নিয়ে ‘চোরাবালি’ অ্যালবামটি সম্প্রতি বাজারে এসেছে।