মিলন মাহমুদের ‘স্বপ্নডানা’
ধ্যান, আহ্বান, চারিদিকে কোলাহল, গোপনে এবং মন যমুনার পর এবার এসেছে মিলন মাহমুদের নতুন একক অ্যালবাম। নাম স্বপ্নডানা। বরাবরের মতো এবারও অ্যালবামের গানগুলোর কথা লিখেছেন ও সুর করেছেন মিলন মাহমুদ নিজেই। আর সংগীতায়োজন করেছেন বনি আহমেদ। অ্যালবামে গান রয়েছে নয়টি। সুফি ও শাস্ত্রীয় ধারা এবং ভালোবাসার গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। মিলন মাহমুদ বলেন, ‘অ্যালবামের নয়টি গানের মধ্যে বেশির ভাগ গানই শাস্ত্রীয় ধাঁচের। মূলত সব গানই ভালোবাসার। রয়েছে সুফি ঘরানার গানও। আমি সব সময় চেষ্টা করি, অ্যালবামের সব কটি গান যেন যুগ যুগ ধরে শ্রোতারা শোনেন। এবার স্বপ্নডানা অ্যালবাম তৈরির সময়ও এই ভাবনাটিকে গুরুত্ব দিয়েছি।’ ঈদ উপলক্ষেস্বপ্নডানা অ্যালবামটি বাজারে এনেছে জি-সিরিজ। মিলন জানান, স্বপ্নডানা ছাড়াও এবার ঈদে তাঁর সুর করা গান নিয়ে আসছে অ্যালবাম মিলন মাহমুদ ফিচারিং সীমা। এ ছাড়া মিশ্র অ্যালবাম হিট অ্যালবাম থ্রি ও আহমেদ রাজীব ফিচারিং মেঘ অ্যালবাম দুটিতে গান গেয়েছেন তিনি।