মিলনমেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দিন বদলেছে। প্রেমিক চরিত্রের সংজ্ঞাও বদলে গেছে। এখন প্রেমিক হতে হলে শুধু গালে হাত দিয়ে প্রেমিকার মুখের সামনে ফুল ধরলেই কাজ হয় না। সব ধরনের অভিনয় জানতে হয়। শুধু “রোমান্টিক হিরো”র খেতাব পাওয়াটা কোনো কৃতিত্ব নয়। সব ধরনের চরিত্রে উতরে যাওয়াই একজন অভিনেতার কাম্য।’ বলছিলেন আনিসুর রহমান মিলন। তাঁর নিজেরও অসংখ্য সফল প্রেমের নাটক আছে—দয়িতা থেকে ভালোবাসার গল্প রচনা, জ্যোৎস্নাধারা ইত্যাদি। তবে শুধু রোমান্টিক চরিত্রে কখনো বন্দী হয়ে থাকেননি মিলন। অতঃপর, প্রজাপতিকাল, মধুময়রা, হাটকুরা ব্যতিক্রর্মী নাটকে নিজেকে প্রতিনিয়ত ভাঙাগড়ার চেষ্টা করে গেছেন। সম্প্রতি বড় পর্দাতেও পা রেখেছেন তিনি। যদিও পাঁচ বছর আগে হাজার বছর ধরে ছবিতে কাজ করেছিলেন মিলন। মাঝে বেলাল আহমেদ ও আশরাফুর রহমানের ছবিতেও অভিনয় করার কথা ছিল, তবে একক নায়ক হিসেবে চলচ্চিত্রের ময়দানে মিলনের পুনর্মিলন হচ্ছে শফিকুল ইসলাম ভৈরবী পরিচালিত শুয়াচান পাখি ছবিতে। জানতে চাই, এর আগেও তো আপনি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। শুয়াচান পাখিকে বেছে নেওয়ার মূল কারণ কী ছিল?‘ছবির গল্প। আমি তো ২৭ বছর ধরে অভিনয়-ই করছি। ’৮৩-তে রুশ সাংস্কৃতিক কেন্দ্রে অভিনয় করেছি। ’৮৪-তে রেডিও, অতঃপর পথনাটক, মঞ্চ, তারও অনেক পরে টিভিতে ঢুকেছি। সময়ের সঙ্গে সঙ্গে মনের মধ্যে স্বপ্ন বুনেছি চলচ্চিত্রে কাজ করব, তবে তেমন ছবিতেই কাজ করতে চেয়েছি, যা দর্শকের মন ছুঁয়ে যাবে। শুয়াচান পাখি তেমনই এক ছবি।’ বলেন মিলন। তাঁর মতে, ‘এটিও এফডিসিকেন্দ্রিক ছবি। মিলন বলেন, ছবিতে প্রেম, বিরহ, গান-নাচ সবই আছে। তার পরও ছবিটিকে বিকল্প বলব, নাকি বাণিজ্যিক প্রকল্প, আমি জানি না।’শুটিংয়ের কথা উঠতেই মিলন বলেন, ছবির একটি দৃশ্যে আমাকে উল্টো হয়ে গাছে উঠতে হবে। আমি মাথা নিচে, পা ওপরে দিয়ে শুটিং করলাম। বিশ্বাস করুন, শটটি করতে আমার যতটুকু কষ্ট হয়েছে, পুরো ইউনিটও সেই একই কষ্ট অনুভব করেছে। শট শেষে সবাই দৌড়ে এসে সেবাযত্ন করছিল। এ রকম ইউনিটে কে না কাজ করতে চাইবে?’কিন্তু আপনি তো আরও একটি ছবিতে অভিনয় করেছিলেন, আশরাফুর রহমানের তুমি আসবে বলে ভালোবাসবে বলে। সে ছবি থেকে নাকি আপনাকে বাদ দেওয়া হয়েছে! ‘ঠিক তাই। ধৈর্যের পরীক্ষায় শেষ পর্যন্ত উত্তীর্ণ হতে পারিনি। গত বছরের মে মাসে আমাদের শুটিং হওয়ার কথা ছিল। পরিকল্পনামাফিক প্রথম লটে ১০ দিন, পরের লটে ১০ দিন করলেই নাকি আমার কাজ শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু প্রথম লটে আমাকে কাজ করানো হলো চার দিন। পরের লটে চার দিনে কক্সবাজারে একটি গানের ছয় লাইনের শুটিং করেছি। ঢাকায় এসে আবারও শিডিউল দিলাম। পরবর্তীকালে সেই শুটিং বাতিল হওয়ার এক দিন আগেও কেউ আমাকে জানানোর প্রয়োজন মনে করেননি। ধৈর্যের শেষ সীমায় দাঁড়িয়ে মানবিক কারণে নিজেকে নিয়ন্ত্রণ করেছি।’ বললেন মিলন। এই যে এত কাজ, আপনি আসলে কোন গন্তব্যের দিকে ছুটছেন? মিলনের সোজাসাপ্টা উত্তর, ‘সেরা কাজ খুঁজে বেড়াচ্ছি। কিন্তু জানি, মৃত্যুর আগে তার সন্ধান পাব না। পাওয়ার কথাও না। একজন অভিনেতার সেরা বলে আসলে কিছু নেই।’এত কাজের ফাঁকফোকর দিয়ে পরিবারকে কি সময় দেওয়া সম্ভব হয়? পাশে স্ত্রী লুসি বসা, তাই অপরাধীর সুরে মিলন হেসে বললেন, ‘যখন চাইলেও সময় দিতে পারি না, তখন লুসি ব্যস্ততা খুঁজে নেয়। সম্প্রতি শাহনেওয়াজ কাকলীর উত্তরের সুর চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছে লুসি। প্রাণ রায়ের সঙ্গে কাকলী ঈদের নাটকে কাজ করেছে। ওর থিয়েটার, কস্টিউম ডিজাইন, সেট ডিজাইন সবকিছুর মধ্যে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে। ব্যস্ততাই সুস্থতা! আমরা স্বামী-স্ত্রীও পরস্পরের কাজকে শ্রদ্ধা করে ব্যস্ততার মাঝে নিজেদের সঁপে দিই।’