মিলনের বিচ্ছেদ এবং বিয়ের গুঞ্জন
অভিনয়শিল্পী আনিসুর রহমান মিলনের ১৪ বছরের সংসারজীবনের ইতি ও দ্বিতীয় বিয়ের গুঞ্জন উঠেছে। ঘটনার সত্যতা জানার জন্য আজ শনিবার সকালে মিলনকে ফোনে বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘পারিবারিকভাবে অনেক সমস্যাই হতে পারে। এটা আসলে বলার মতো নয়। শুধু এটুকু বলব, আমাদের দুই পরিবারের পক্ষ থেকেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারই প্রক্রিয়া হিসেবে আমরা এক বছর ধরে আলাদা থাকছি।’প্রসঙ্গত, কয়েক দিন ধরে মিলনের দ্বিতীয় বিয়ের বিষয়টি নিয়ে মিডিয়া-সংশ্লিষ্ট অনেকেই নানা ধরনের কথা বলছেন। এমনকি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে এক নারীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ ছবিও প্রকাশিত হয়েছে, যাতে লেখা রয়েছে, ‘আনিসুর রহমান মিলন উইথ হিজ ওয়াইফ অ্যাট লস অ্যাঞ্জেলেস ইউএসএ’।ফেসবুকে প্রকাশিত ছবিতে আপনার সঙ্গের মানুষটি কে—এমন এক প্রশ্নের জবাবে মিলন বলেন, ‘ছবিটি চার বছর আগে তোলা হয়েছে। ওর নাম পলি। পারিবারিকভাবেই সে আমার পরিচিতি। পলি দীর্ঘদিন ধরে লস অ্যাঞ্জেলেসে থাকে। আমাদের দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে।’ অনেকেই বলছেন, প্রথম স্ত্রী লুসির সঙ্গে নাকি এরই মধ্যে আপনার বিচ্ছেদ হয়েছে, এমনকি চার বছর ধরে যুক্তরাষ্ট্রপ্রবাসী পলির সঙ্গে আপনি সংসারও করছেন। সে সংসারে আপনার একটি সন্তানও আছে। এসব শুনে মিলন বলেন, ‘আমি আগেই বলেছি, আমি ও লুসি এক বছর ধরে আলাদা থাকছি। তবে এখনো আনুষ্ঠানিকভাবে আমাদের বিচ্ছেদ ঘটেনি। এটা সত্যি যে যাকে নিয়ে কথা হচ্ছে, তার সঙ্গে আমার বিয়ে হয়নি। আর সন্তান আসবে কোথা থেকে। তবে এটা নিশ্চিত করে বলছি, আমি নতুন করে সংসার শুরু করলে তা সবাইকে অবশ্যই জানাব।’মিলন জানিয়েছেন, তিনি এখন কক্সবাজারের নাটকের শুটিংয়ে আছেন। ফিরবেন আগামী ৪ মার্চ।