মিলনের ‘রোমান্স’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন আরেকটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন টিভি অভিনেতা আনিসুর রহমান মিলন। ছবির নাম ‘রোমান্স’। প্রথম আলো ডটকমকে ছবিটির পরিচালক অনন্য মামুন জানিয়েছেন, ‘একজন চলচ্চিত্র অভিনেতার নায়ক হয়ে ওঠার পর তাঁকে যে ধরনের ঘটনার মুখোমুখি হতে হয়, সেটাই তুলে ধরা হবে এ চলচ্চিত্রে।’মিলন বলেন, ‘চলচ্চিত্রে নিয়মিত হওয়ার ইচ্ছে আছে আমার। তারই একটি ধাপ হচ্ছে ‘‘রোমান্স’’। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে আমাকে। ছবির গল্পটা যেভাবে শুনেছি, তাতে আমাকে কখনো বলিউডের ‘‘ওম শান্তি ওম’’ ছবির অর্জুন রামপাল, আবার কখনো ‘‘ডার্টি পিকচার’’ ছবির নাসিরুদ্দিন শাহর মতো মনে হচ্ছে। আশা করছি, সব মিলিয়ে অন্য রকম কিছু একটা হবে।’ ছবির গল্প প্রসঙ্গে মিলন বলেন, ‘একজন নায়ক একটা পর্যায়ে পৌঁছানোর পর তিনি আসলে কী করবেন, তা ভেবে পান না। বলা যায়, তখন তিনি দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। তারপর নায়কের জীবনের সংকটগুলো ধরেই ছবির গল্পটা এগোতে থাকবে।’ পরিচালক সূত্রে জানা গেছে, ১৯ জুলাই ‘রোমান্স’ ছবির শুটিং শুরু হবে। ‘রোমান্স’ ছাড়াও মিলন এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন ‘ওয়ান ওয়ে’ ও ‘আদি’ নামের দুটি ছবিতে। ছবি দুটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী ও অংশু। ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মিলন বড়পর্দায় প্রথম অভিনয় করেন সুচন্দা পরিচালিত ‘হাজার বছর ধরে’ চলচ্চিত্রে। এরপর তিনি অভিনয় করেন সাদিক আহমেদের ‘দ্য লাস্ট ঠাকুর’, শফিকুল ইসলাম ভৈরবীর ‘শুয়াচান পাখি’, ইফতেখার চৌধুরীর ‘দেহরক্ষী’ ও জাকির হোসেন রাজুর ‘পোড়ামন’ ছবিতে।মিলন এখন ঈদের নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আজ বুধবার ঢাকার অদূরে আশুলিয়ায় তুহিন অবন্তের পরিচালনায় ‘চারুপাঠ’ নামের একটি নাটকের শুটিং করছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্ট নীড়’ অবলম্বনে নাটকটি নির্মিত হচ্ছে। এই নাটকে মিলন ছাড়াও অভিনয় করছেন বিদ্যা সিনহা মীম, আজিজুল হাকিম, মাজনুন মিজান প্রমুখ।