মিলার 'আনসেন্সরড'

সংগীতশিল্পী মিলা এবার নিজেকে নিয়ে একটি মিউজিক্যাল ফিল্ম বানিয়েছেন। নাম আনসেন্সরড। মিলা জানান, এই ছবিতে থাকছে তাঁর কথা, তাঁর বেড়ে ওঠা, চলার পথের প্রতিবন্ধকতা, প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা—এমনি নানা কিছু। আরও থাকছে মিলার নতুন অ্যালবামের পাঁচটি গানের মিউজিক ভিডিও।
মিলা বলেন, ‘দেশে এবং দেশের বাইরে আমার ব্যাপারে অনেকেই তেমন কিছু জানেন না। আনসেন্সরড ছবিটি আমাকে আর আমার গানকে সবার কাছে পৌঁছে দেবে।’
মিলা তাঁর আনসেন্সরড ছবির উদ্বোধনী প্রদর্শনী করবেন ফেব্রুয়ারি মাসে। এ উপলক্ষে ঢাকাসহ দেশের কয়েকটি বড় জেলা শহরে গান গাওয়ার পরিকল্পনা করছেন। একই সময়ে আইটিউনস ও ইউটিউবে দেখা যাবে ছবিটি। দেশের বাইরেও একাধিক অনুষ্ঠান করবেন এ বছর। আর তাঁর প্রতিটি অনুষ্ঠানের শুরুতেই থাকবে আনসেন্সরড ছবির প্রদর্শনী।
মিলাকে অনেক দিন দর্শক-শ্রোতারা সেভাবে পাননি। মিলা বলেন, ‘সবাইকে চমকে দেব বলেই একটু বিরতি নিয়েছিলাম। তবে গানে আমি আবার নিয়মিত হচ্ছি। বছরের মাঝামাঝি সময়ে বাজারে আসবে আমার নতুন অ্যালবাম।’