মিশার সঙ্গে পাঞ্জা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গুলজার কামাল ইজ ডেড’‘...হোয়াট?’ ‘হ্যাঁ হ্যাঁ...গুলজার মারা গেছেন।’এরপর ফোনটি কেটে দিয়ে চোখ থেকে চশমাটা খুলে সামনের টেবিলে রাখলেন মিশা সওদাগর। এবার তাঁর চেহারা রুদ্রমূর্তি ধারণ করল। ‘কাট, কাট’ বলে চিৎকার করে উঠলেন মনিটরে বসা পরিচালক ইফতেখার চৌধুরী। বললেন, ‘মিশা ভাই, আরও একবার দৃশ্যটি নেব।’ দ্বিতীয়বার দৃশ্যটি ‘ওকে’ হলো। এফডিসির ৪ নম্বর স্টুডিওতে হচ্ছে শুটিং। কিন্তু ছবির নাম তখনো জানা হয়নি। এর মধ্যে পরের দৃশ্যের প্রস্তুতি নেওয়ার জন্য সহকারী পরিচালককে নিয়ে পাশের ঘরে রওনা হলেন পরিচালক। এই ফাঁকে মিশা সওদাগরকে ইউনিটের একজন বললেন, ‘ভাই, আপনি তো ছবিতে অন্ধকার জগতের মানুষ। আসেন, বাস্তবে গোলাবারুদ ছাড়া পাঞ্জা লড়ি। দেখি কে হারে কে জেতে?’ শুনেই উপস্থিত সবার মধ্যে হাসির রোল পড়ে গেল। হাসতে হাসতে মিশা সওদাগর এ যুদ্ধে সায় দিলেন। শুরু হয়েছে পাঞ্জাযুদ্ধ। হঠাৎ থামিয়ে মিশা সওদাগর তাঁর প্রতিদ্বন্দ্বীকে বললেন, ‘পাঁচ হাজার টাকা বাজি!’ কথাটা শুনেই প্রতিদ্বন্দ্বীর চোখ কপালে! মিশার হাত ছেড়ে দে দৌড়! ততক্ষণে ইউনিটজুড়ে আরেক পশলা হাসি।সেটে বসেই মিশা সওদাগরের সঙ্গে কথা বলার সুযোগ হয়ে গেল। ছবি প্রসঙ্গে তিনি বললেন, ‘ছবির নাম অগ্নি। এখানে আমার চরিত্রটি গতানুগতিক ভিলেনের না। বলা যায় পজেটিভ ভিলেন। আমি সরকারের ডিবি অফিসে কর্মকর্তা হিসেবে কাজ করি। কিন্তু আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে কানেকশন আছে আমার। সব ধরনের খবর ফাঁস করে দিই।’পরের দৃশ্য ধারণের প্রস্তুতির পরামর্শ শেষ করে সেটে প্রবেশ করলেন পরিচালক। এসেই ইউনিটের সবাইকে হাঁক দিলেন তিনি। ‘১০ মিনিটের মধ্যে সেট রেডি করো। পরের দৃশ্য নিয়ে নিই। সময় নেই। সান চলে যাবে। ছোট একটা আউটডোর দৃশ্য করতে হবে।’ ওদিকে সেট প্রস্তুতির তোড়জোড় শুরু হয়েছে। ফাঁকে পরিচালকের মুখোমুখি হই। ছবির কাজ প্রসঙ্গে জিজ্ঞাসা করি। তিনি বললেন, ‘সবেমাত্র ১০-১২ দিন হলো শুটিং শুরু হয়েছে। ২০ ভাগ কাজ এফডিসিতে করব। বাকি সব কাজ ব্যাংককে।’ ইউনিটের একজন এসে প্রস্তুতি শেষের কথা জানিয়ে গেলেন। কথা শেষ করেই পরিচালক মনিটরের আলো জ্বালিয়ে দিলেন। টেবিলে বসা মিশা সওদাগর আর ড্যানি সিডাকের দিকে তখন ক্যামেরার চোখ। দুই৪ নম্বর ফ্লোর থেকে বেরিয়ে এফডিসির মূল রাস্তা দিয়ে হাঁটা ধরেছি। ওই রাস্তার মাথায় ঝরনা স্পটের কাছে দেখা হয়ে গেল ওমর সানির সঙ্গে। পরদিন শাহিন সুমনের ছবির শুটিং করতে সিলেটে যাবেন। গাড়িতে উঠতে উঠতে বললেন, ‘তাড়া আছে। কাল সিলেট চলে যাচ্ছি। শাহিন সুমনের নতুন ছবিতে কাজ করছি। ওখানে বেশ কিছুদিন থাকতে হবে। তবে বলে রাখি, আগেও বলেছি। আমি কিন্তু আর নেগেটিভ চরিত্র করছি না। ছবি না করলেও আর এ ধরনের চরিত্রে কাজ করব না। আমি এই ছবিতে পজেটিভ চরিত্র করছি।’ বলেই গাড়িতে উঠে বসলেন ওমর সানি।