মিশেল ওবামার অ্যালবাম আসছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা কাজ করছেন একটি হিপ-হপ অ্যালবাম নিয়ে। না, বাণিজ্যিকভাবে সংগীত তারকা হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার কোনো সাধ তাঁর নেই। তিনি জুটি বেঁধেছেন একটি অলাভজনক সংস্থা ‘পার্টনারশিপ ফর আ হেলদিয়ার আমেরিকা’র সঙ্গে। তরুণদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা গড়ে তোলাই হবে এই অ্যালবামের উদ্দেশ্য। ১৯টি ট্র্যাকের এই অ্যালবামের নামই সংস ফর আ হেলদিয়ার আমেরিকা। আগামী সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা অ্যালবামটির।ফাস্টফুডে আসক্ত মার্কিন শিশুরা খুব অল্প বয়সেই মুটিয়ে যাচ্ছে। আগামী দিনের শিশুদের সচেতন করে তোলাই মিশেলের উদ্দেশ্য। মিউজিক ভিডিওগুলোতে অল্পক্ষণের জন্য হলেও হাজির হবেন তিনি। ‘এভরিবডি’ শিরোনামের প্রথম গানটি এরই মধ্যে গত জুনে বিনা মূল্যে সংগ্রহের জন্য ইন্টারনেটে ছাড়া হয়েছে। স্ত্রীর এই অভিযানে পাশে আছেন প্রেসিডেন্ট বারাক ওবামাও। পিটিআই।