মিশ্র প্রতিক্রিয়া দর্শকমহলে
>

প্রতিবছরের মতো এবারও ঈদে মুক্তি পেয়েছে কয়েকটি চলচ্চিত্র। দর্শক কি ছবি দেখতে যাচ্ছেন প্রেক্ষাগৃহে? ঈদ এবং তার পরের কয়েকটি দিনের সারা দেশের প্রেক্ষাগৃহগুলোর চালচিত্র নিয়েই আমাদের এই আয়োজন। আজ থাকছে খুলনা ও যশোরের প্রেক্ষাগৃহগুলোর অবস্থা নিয়ে প্রতিবেদন।
শো শুরু হয়ে গেছে ২০ মিনিট আগে। টিকিট কাউন্টারের অর্ধচন্দ্রাকার ফাঁকা জায়গাটা দিয়ে একটি হাত প্রবেশ করে। হাতে মোড়ানো ১০০ টাকার একটি নোট। হাতটি যাঁর, জানালা দিয়ে মুখ বাড়িয়ে তিনি জানতে চান, কত? ভেতর থেকে বক্স অফিসের কর্মী পান চিবোতে চিবোতে বলেন, ‘ষাইট’। পরমুহূর্তে ৪০ টাকাসহ একটি টিকিট সেই হাতে ধরিয়ে দেন তিনি। তাঁর কাছে জানতে চাই, ‘কী অবস্থা?’ মুখ ঘুরিয়ে তিনি বলেন, ‘এই ছবির লোকেশনগুলা ভালো, গানগুলাও ভালো। পুরা ছবিডা কিরাম জানি! গত কাইল চারডা শো চলসে। তেমন দর্শক হয় নাই। আইজ লোক হচ্ছে মোটামুটি।’
ঈদের পরদিন শনিবার দুপুর ১২টার দিকে কথা হচ্ছিল খুলনার খালিশপুরে চিত্রালী সিনেমা হলের টিকিটঘরে। সেখানে চলছে ঈদে মুক্তি পাওয়া বাংলাদেশ–ভারত যৌথ প্রযোজনার ছবি আশিকী। ছবিটি খুলনার দুটি প্রেক্ষাগৃহে চলছে।
এদিকে ঈদ উপলক্ষে নগরীর সঙ্গীতা সিনেমায় চলছে শাকিব খান অভিনীত ছবি রাজা বাবু। ঈদের দিন থেকেই এই হলে দর্শক ছিলেন বেশ। বান্ধবীকে নিয়ে ছবিটি দেখতে আসা সালেক নামের একজনকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘শাকিব খান তো আছেই, সঙ্গে আছে অপু বিশ্বাস। তাই ভাবলাম, দেইখে আসি।’
হলটির ব্যবস্থাপক মহিউদ্দিন আহমেদ বলেন, ‘ঈদের দিন সন্ধ্যার শো প্রায় দর্শকপূর্ণ ছিল। গত শনিবার থেকে দর্শক একটু কমতে শুরু করেছে।’
শঙ্খ সিনেমা হলে গিয়ে দেখা যায় সেখানেও চলছে আশিকী। ঈদের ব্যবসা নিয়ে হলটির ব্যবস্থাপনা সহযোগী আকবর বলেন, ‘খারাপ না। ঈদের ছবি হিসেবে দুই সপ্তাহ চলবে। দর্শকদের সাড়া পেলে তিন সপ্তাহও চলতে পারে।’ শঙ্খ সিনেমার কাছেই সোসাইটি সিনেমায় চলছিল দুর্ধর্ষ নামের একটি ছবি। সেখানে তেমন দর্শক দেখা যায়নি।
বেশ কিছুদিন হলো বন্ধ হয়ে গেছে খুলনা মহানগরীর বেশ কয়েকটি সিনেমা হল। এগুলোর মধ্যে রয়েছে দৌলতপুরের মীনাক্ষী, খালিশপুরের লিবার্টি, বৈকালী, সাগরিকা, ডাকবাংলো মোড়ের পিকচার প্যালেস, ময়ূরী ও আরও বেশ কয়েকটি সিনেমা হল।