মিষ্টি মেয়ের কাছাকাছি

চারটায় সময় দিয়েছিলেন তিনি। এলেন ছয়টার পর। কিন্তু এই পুরো সময়টায় জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী মিলনায়তনজুড়ে তাঁকেই তো দেখছি কেবল। সেই পঞ্চাশের দশক থেকে এখন পর্যন্ত তোলা কত যে ছবি সেখানে!
কাজ ছিল বলে দেরি হয়েছে। ইতিমধ্যে ফোনে দেরির কারণটাও জানিয়েছেন। ফলে ‘মিষ্টি মেয়ে’ কবরীর প্রতি আমাদের কোনো ক্ষোভ ছিল না। মিলনায়তনে ঢুকতেই বললাম, এবার চলুন আপনাকে নিয়েই হয়ে যাক এক চক্কর।
আমরা চাইলাম ছবিগুলোর স্মৃতিচারণা করবেন কবরী। কিন্তু শত শত ছবি নিয়ে কথা বলতে গেলে এক ‘আনন্দ’-এ কি কুলোবে? তাই আমরা তাঁর বলা সেই কথাগুলোই লিখে চলি, যেগুলোর সঙ্গে পাঠকও নিজেকে মিলিয়ে নিতে পারবেন।
কার না জানা, কবরীর প্রথম ছবি সুতরাং। সে ছবির নায়ক ছিলেন সুভাষ দত্ত। এ ছবির আগে নাচ নিয়ে মঞ্চে উঠেছেন কবরী, কিন্তু অভিনয়? একেবারেই না। মায়ের শাড়ি কেটে ১৩ বছর বয়সী কবরীর জন্য শাড়ি তৈরি করা হয়েছিল। ফ্রকের ওপর সেটা পরে উঠে গিয়েছিলেন গাছের মগডালে। সেই ছবি দেখেই সুভাষ দত্তের মনে হলো—এই হবে আমার নায়িকা। কিন্তু দত্তদাকে ভয় পেতেন কবরী। প্রেমের তো প্রশ্নই আসে না। তবে হ্যাঁ, তৎকালীন পাকিস্তানের প্রথম সিনেমাস্কোপ ছবি বাহানায় অভিনয় করতে গিয়ে নায়ক রহমানের জন্য তিনি চিত্তচাঞ্চল্য অনুভব করেছিলেন। কিন্তু ‘রহমান ভাই’-এর প্রতি তাঁর এই আকুলতাকে রহমান পাত্তা দিতেন না—পিচ্চি মেয়ে ভেবে।

চিত্রালীর চিত্রগ্রাহক মনোয়ার হোসেন রাজ্জাকের সঙ্গে কবরীর একটি ফটোসেশন করেছিলেন। তারই একটি ছবির সামনে দাঁড়িয়ে কবরী বললেন, ‘মনোয়ার বলেছিল, পোজ দাও। বললাম, মুড তো আসছে না। তারপর চা-বিস্কুট খেয়ে আমি মুড আনার চেষ্টা করছি। খুনসুটি করতে করতেই ছবিগুলো তোলা হয়ে গেল।’ এর পরই ছিল সারেং বৌ চলচ্চিত্রের একটি ছবি—ফারুকের সঙ্গে। স্মৃতির পেছনের স্মৃতি এবার কবরীকে নস্টালজিক করে তুলল। ‘তোমাদের কি মনে আছে, বহু আগে টিভিতে সংশপ্তক নাটকটি হয়েছিল? তাতে আমি অভিনয় করেছিলাম। তখনই শহীদুল্লাহ কায়সার আবদুল্লাহ আল মামুনকে বলেছিলেন, সারেং বৌ ছবিটি করলে আমাকে নিতে। এরপর তো কায়সার ভাই মুক্তিযুদ্ধে শহীদ হলেন। এরও অনেক পরে মামুন ভাই সারেং বৌ ছবিটি নির্মাণ করলেন। তখন রাজ্জাকের সঙ্গে কী নিয়ে যেন আমার বনিবনা হচ্ছিল না। আমি ফারুকের সঙ্গে অভিনয় করলাম। আমাদের জুটিটাও দাঁড়িয়ে গেল। এর আগে খান আতা আমাদের দুজনকে নিয়ে সুজন সখী ছবিটি তৈরি করেছিলেন। সেটা ছিল পুরো বাণিজ্যিক ছবি। কিন্তু লোকজ সংস্কৃতি সে ছবিটায় দারুণভাবে এসেছিল।’ জাফর ইকবাল প্রসঙ্গ এলে বললেন, ‘ও একটু আত্মভোলা ছিল। রোমান্টিক, কিন্তু কাজের ব্যাপারে খুব সিরিয়াস ছিল না। মন ভালো ছিল। গিটার বাজাত ভালো, গানটাও ভালো করত। অভিনয়ে একটু বিড়ম্বনা ছিল।’
এভাবেই আমরা ছবির পর ছবি দেখতে থাকি। মাদার তেরেসা, সুফিয়া কামাল, ক্লডিয়া শেফার্ড, ওমপুরি, নানা পাটেকরসহ কত বিশিষ্টজনের সঙ্গে কতই না স্মৃতি এই মিষ্টি মেয়ের। তবে তাঁকে একটি ছবি সম্পর্কে বলতে বলি আবার। কোনো এক পিকনিকে সুচন্দা আর ববিতার সঙ্গে তোলা ছবি। ছবিটি দেখিয়ে বললাম, আপনাদের মধ্যে ঈর্ষা ছিল না? কবরী হাসেন, ‘ছিল না আবার! কিন্তু ভালোবাসাও ছিল। মেয়েদের মধ্যে রওশন জামিল, রোজীর সঙ্গে আমার খুব সখ্য ছিল। কিন্তু কারও সঙ্গে এমন সম্পর্ক ছিল না যে মুখ দেখাদেখি বন্ধ। যে ভদ্রতাটুকু থাকা উচিত, সেটা সব সময় অনুসরণ করে গেছি। আমাদের তিনজনের এই ছবিকে কি আরোপিত বলে মনে হচ্ছে? দেখ, আমরা তিনজনই কিন্তু ছবিটা তুলতে চেয়েছি।’
প্রদর্শনীর নাম ‘আমারে তুমি অশেষ করেছ’। ২০০ ছবি নিয়ে এই প্রদর্শনী চলল ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর অবধি। মিলনায়তনের সামনে পর্দায় কবরী অভিনীত বেশ কিছু ছবির ভিডিও চলছিল পুরো সময়জুড়েই। বিদায়বেলায় সেই কবরী আর এই কবরীকে মিলিয়ে দেখার চেষ্টা করি আমরা। তাঁর সেই মিষ্টি হাসিটি ভুলতে পারি না একদম।