মিস ইউএসএ ২০১৩ খেতাব পেলেন ইরিন
এ বছর যুক্তরাষ্ট্রের সেরা সুন্দরীর খেতাব মাথায় তুললেন ইরিন ব্র্যাডি। লাস ভেগাসের প্ল্যানেট হলিউড রিসোর্ট ক্যাসিনোতে আয়োজিত সেরা সুন্দরী নির্বাচনের লড়াইয়ে ৫০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ইউএসএ ২০১৩ নির্বাচিত হয়েছেন ২৫ বছর বয়সী ইরিন। এবারের মিস আমেরিকা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী পারমিতা মিত্র। পারমিতাই প্রথম বাংলাদেশি অভিবাসী, যিনি মিস আমেরিকা প্রতিযোগিতায় অংশ নিলেন। এ প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রসঙ্গে পারমিতা জানান, মার্কিন মুলুকের সাড়া জাগানো এ সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য তিনি দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছেন। ১৯৯২ সালে পারমিতা যখন পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে যান, তখন তাঁর বয়স ছিল মাত্র এক বছর। মিসিসিপি অঙ্গরাজ্যে বসবাসরত পারমিতা মিত্র মহাকাশ প্রকৌশল বিষয়ে পড়াশোনা করছেন।মিস ইউএসএ নির্বাচিত হওয়ায় এ বছর মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন ইরিন ব্র্যাডি। আসছে নভেম্বরে রাশিয়ার রাজধানী মস্কোতে বসবে মিস ইউনিভার্স প্রতিযোগিতার আসর। ১৬ জুন রোববার ইরিনকে বিজয়ীর মুকুট মাথায় পরিয়ে দেন গত বছরের মিস ইউএসএ খেতাব পাওয়া নানা মেরিওয়েদার। এক খবরে এ তথ্য জানিয়েছে ‘নিউইয়র্ক ডেইলি নিউজ’। ইরিনের রূপের পাশাপাশি গুণেরও পরিচয় মিলেছে। তিনি সেন্ট্রাল কানেটিকাট স্টেট ইউনিভার্সিটি থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। তিনি পেশায় একজন হিসাবরক্ষক। যুক্তরাষ্ট্রের নামকরা একটি কোম্পানির কর্মচারী তিনি। তবে মিস ইউএসএ খেতাব পাওয়ার পর চাকরি ছেড়ে দেবেন বলেই জানিয়েছেন এ সুন্দরী। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘আমার বসদের জানাতে চাই, আমি কাল অফিসে যাচ্ছি না। শুধু কাল নয়, কখনোই হয়তো আর অফিসে যাব না আমি।’