মিস ইউনিভার্স যুক্তরাষ্ট্রের অলিভিয়া
এ বছরের মিস ইউনিভার্সের মুকুট মাথায় তুললেন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের মেয়ে অলিভিয়া কালপো। ১৯ ডিসেম্বর বুধবার লাস ভেগাসের প্ল্যানেট হলিউড ক্যাসিনোতে আয়োজিত জমকালো অনুষ্ঠান থেকে তাঁর মাথায় মুকুটটি পরিয়ে দিয়েছেন গত বছরের মিস ইউনিভার্স খেতাব জয়ী অ্যাঙ্গোলার লাইলা লোপেজ। এর আগে গত জুনে মিস ইউএসএ নির্বাচিত হয়েছিলেন ২০ বছর বয়সী অলিভিয়া।‘মিস ইউনিভার্স ২০১২’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বিশ্বের বিভিন্ন দেশের ৮৯ জন সুন্দরী। সবাইকে পেছনে ফেলে সেরার মুকুটটি মাথায় তুলেছেন অলিভিয়া। প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছেন যথাক্রমে ফিলিপাইনের জেনিন টাগনন এবং ভেনেজুয়েলার ইরিন সোফিয়া এসার কুইন্টারো। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ১৫ বছর পর যুক্তরাষ্ট্রকে আবারও মিস ইউনিভার্স খেতাব এনে দিলেন অলিভিয়া কালপো। এর আগে ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের ব্রুক লি এই খেতাব পেয়েছিলেন। কেবল রূপই নয়, গুণও রয়েছে অলিভিয়ার। বোস্টন বিশ্ববিদ্যালয়ের এ ছাত্রী চমত্কার সেলো বাজাতে পারেন। স্তন ক্যান্সার সচেতনতার জন্যও কাজ করেছেন অলিভিয়া। এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছেন বিহারের মেয়ে শিল্পা সিং। সেরা দশের মধ্যে ঠাঁই না পেলেও, সেরা ১৬ জন প্রতিযোগীর তালিকায় নাম আছে তাঁর।