মিস ও মিসেস ‘অদ্বিতীয়া’য় বাংলাদেশের সেরা ৮
‘দুই বাংলা খুঁজছে তোমায়, তুমি কি সেই অদ্বিতীয়া’ স্লোগান নিয়ে বাংলাদেশ ও ভারতের পশ্চিম বাংলার নারীদের নিয়ে শুরু হওয়া সুন্দরী প্রতিযোগিতা ‘কেয়া শেঠস মিস ও মিসেস অদ্বিতীয়া’র বাংলাদেশ অংশের চূড়ান্ত পর্বে নির্বাচিত হয়েছেন চারজন মিস ও চারজন মিসেস।অনুষ্ঠানটির বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন অভিনয়শিল্পী বিজরী বরকতউল্লাহ। এ ছাড়া এই বিচারকাজে কেয়া শেঠের সঙ্গে বিচারক প্যানেলে ছিলেন অভিনেত্রী দিতি, বিশিষ্ট নৃত্যশিল্পী লায়লা হাসান প্রমুখ।আয়োজক সূত্রে জানা গেছে, প্রথমদিকে তিনজন করে মিস ও মিসেস নির্বাচন করার কথা থাকলেও ১৯ জুন চূড়ান্ত অনুষ্ঠানে আয়োজকেরা চারজন মিস ও চারজন মিসেসের নাম ঘোষণা করেন। কলকাতায় অনুষ্ঠেয় ‘কেয়া শেঠস মিস ও মিসেস অদ্বিতীয়া ২০১২’-এর গ্রান্ড ফিনালে পশ্চিম বাংলার সুন্দরীদের সঙ্গে তাঁরা সৌন্দর্যের লড়াইয়ে অংশ নেবেন।বাংলাদেশ পর্বের ফাইনালে বিজয়ী চার মিস হলেন আনহা আমিন, জাকিয়া কামাল মুন, নাদিয়া হোসেন ও রেশমা আক্তার কোয়েল। আর চার মিসেস হলেন ফারিয়া, রিহফাত আরা, শাম্মি ও সুদীপ্তা। সৌন্দর্যের পাশাপাশি বুদ্ধিমত্তা ও অভিনয়, সংগীত, নৃত্য—যেকোনো বিষয়ে পারদর্শিতার জন্য তাঁদের নির্বাচিত করেন বিচারক মণ্ডলী।সৌন্দর্যের বিচার কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে বিজরী বরকতউল্লাহ প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমি এর আগে অনেক রিয়ালিটি শোর বিচারক হয়েছি। শুধু তা-ই নয়, ক্রিকেট-ফুটবলের বিভিন্ন ইভেন্টের সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু মিস ও মিসেস অদ্বিতীয়া আমার কাছে একেবারেই অন্যরকম অভিজ্ঞতা।’বিজরী আরও বলেন, ‘সত্যি কথা বলতে কি প্রতিযোগিতায় মিস থেকে মিসেসদের অংশগ্রহণ আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। আমার কাছে মনে হয়েছে, মিসেসরা অনেক বেশি গোছানো। এমনকি তাঁদের প্রস্তুতিটা ছিল। এটা আমাকে খুবই অবাক করেছে। সর্বোপরি আমার কাছে মনে হয়েছে, যে উদ্দেশ্যে এ আয়োজনটি করা হয়েছে, সেটি সার্থকতার দিকেই যাচ্ছে। যে কয়জনকে পেয়েছি, তাঁরা সত্যিকার অর্থেই অনেক বেশি প্রতিভাবান ও আত্মবিশ্বাসী।’উল্লেখ্য, পশ্চিম বাংলার নির্বাচিত ৩২ জন এবং বাংলাদেশের আটজনসহ মোট ৩৮ জন নিয়ে কলকাতায় আবাসিক কর্মশালার মাধ্যমে হবে পার্সোনালটি ও বিউটি গ্রুমিং। এর পর ২৮ জুলাই কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ৩০ হাজার দর্শকের সামনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচন করা হবে মিস ও মিসেস অদ্বিতীয়া।গ্র্যান্ড ফিনালের পুরো অনুষ্ঠান প্রচার করবে বৈশাখী টেলিভিশন।