মিসর যাচ্ছে অপেক্ষমাণ
কলকাতার বিভাষ চক্রবর্তীর অন্য থিয়েটার আয়োজিত উৎসবে অপেক্ষমাণ নাটকটি মঞ্চস্থ হয় গত ৩১ আগস্ট। এবার নাটকটি মঞ্চায়নের জন্য আমন্ত্রণ এসেছে মিসর থেকে। প্রতিবছরই মিসরের কায়রোতে অক্টোবরের ১০ থেকে ২২ তারিখ পর্যন্ত আন্তর্জাতিক এক্সপেরিমেন্টাল থিয়েটার উৎসব হয়। ওই উৎসবেই নাটকটি মঞ্চস্থ হওয়ার জন্য আমন্ত্রণ এসেছে। গত বছর এ উৎসবে নাগরিক নাট্যসম্প্রদায় রক্তকরবী নাটকটি মঞ্চস্থ করে। তবে আমন্ত্রণ ছিল সরকারিভাবে। এবারের আমন্ত্রণ বেসরকারিভাবে। বেসরকারি উদ্যোগে অপেক্ষমাণ নাটকটি মঞ্চায়নের জন্য আমন্ত্রণপত্র পেয়েছে নাগরিক। নাটকটির নির্দেশক আতাউর রহমান বলেন, ‘নাটকটির মধ্যে বর্তমান সময়ের অনেক কিছুই প্রতিফলিত হয়। ফলে নাটকটির আবেদন অনেক বেশি। এ জন্য দর্শকের কাছে সহজে পৌঁছে যায়। গত বছর ঢাকায় ইবসেনের নাট্যোৎসবে নাটকটির প্রথম মঞ্চায়ন হয়। তখন মিসরের শিল্পকলার একজন বড় কর্মকর্তা ঢাকায় নাটকটি দেখে যান। তিনিই আমাদের নাটকটি নিয়ে এক্সপেরিমেন্টাল উৎসবে আমন্ত্রণ করেছেন। তবে সব খরচ আমাদেরই বহন করতে হবে।’ আতাউর রহমান আরও বলেন, ‘স্পন্সরশিপের জন্য আমরা বাংলাদেশ সরকারের কাছে সহযোগিতা চেয়েছি। দুটি মন্ত্রণালয় থেকে ইতিবাচক সাড়াও পাওয়া গেছে। আশা করছি, একটা ব্যবস্থা হয়ে যাবে।’ অপেক্ষমাণ নাটক নিয়ে কম সময়ের মধ্যে দুটি দেশ থেকে আমন্ত্রণ পাওয়া প্রসঙ্গে আতাউর রহমান বলেন, নাটকটির মাত্র সাতটি প্রদর্শনী হয়েছে। এত কম সময়ে নাটকটির দেশ-বিদেশে ভালো সাড়া পাচ্ছি। এটা আমাদের জন্য আনন্দের। আশা করছি, আগামী ডিসেম্বরে নেপালে ইবসেন নাট্যোৎসবেও নাটকটি নিয়ে সফল করব।’নাটকটিতে অভিনয় করছেন আতাউর রহমান, অপি করিম ও পান্থ শাহরিয়ার।মূলত তিনটি চরিত্র নিয়ে নাটকটি। ঈর্ষা থেকে একটি চরিত্র, ইবসেনের ডলস হাউস-এর নোরা আর এনিমি অব দ্য পিপল থেকে একটি চরিত্র নিয়ে নাটকটি লিখেছেন সৈয়দ শামসুল হক।