মিসরে বসছে বাংলা চলচ্চিত্র পুরস্কারের আসর
বিশ্বব্যাপী বাংলা ছবির চাহিদা তৈরি লক্ষ্যে আবারও বসছে ইন্টারন্যাশনাল বাংলা ফিল্ম অ্যাকাডেমি (আইবিএফএ) অ্যাওয়ার্ড। পিরামিডের শহর হিসেবে খ্যাত মিসরে আগামী বছরের মার্চে বসবে বাংলাদেশ-ভারতের চলচ্চিত্রজগতের শিল্পী ও কলাকুশলীদের মিলনমেলা। সেখানেই অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল বাংলা ফিল্ম অ্যাকাডেমির পুরস্কার অনুষ্ঠান। এক খবরে এ তথ্য জানিয়েছে পিটিআই।আইবিএফএর পক্ষে জেট স্যাটারস জানিয়েছেন, ভারতের প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের চলচ্চিত্র আলাদাভাবে পুরস্কৃত হবে। এরই মধ্যে ১০০টি চলচ্চিত্রের মধ্য থেকে প্রতিশ্রুতিশীল নির্মাতা, প্রযোজক ও অভিনয়শিল্পীদের একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে। আয়োজক সূত্রে আরও জানা গেছে, এবারের আইবিএফএ আসরে অংশ নেবেন বিশ্বখ্যাত সংগীততারকা ব্রায়ান অ্যাডামস। ভারতের অনেক নামীদামি তারকাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আইবিএফএর উপদেষ্টা ও পরিচালক গৌতম ঘোষ, শুভেচ্ছাদূত হিসেবে আছেন চিত্রনায়িকা ঋতুপর্ণা।আইবিএফএর পুরস্কার অনুষ্ঠানের প্রথম আসর বসেছিল থাইল্যান্ডের পাতায়ায়।