মিসরে যাচ্ছে ‘আরজচরিতামৃত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রথমবারের মতো আরজচরিতামৃত নাটকটি নিয়ে দেশের বাইরে সফর করে নাট্যকেন্দ্র। এ সফরে ভারতের বহরমপুর ও কলকাতার দুই বাংলার নাট্যোৎসবে আরজচরিতামৃত নাটকটি পরিবেশন করা হয়। এবার মিসর সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয় আয়োজিত কায়রোতে ১০ দিনের আন্তর্জাতিক পরীক্ষণ থিয়েটার উৎসবে আমন্ত্রিত হয়ে সেখানে যাচ্ছে আরজচরিতামৃত নাটকটি। কায়রোতে এই আন্তর্জাতিক উৎসব শুরু হবে ১০ অক্টোবর, চলবে ২০ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের যৌথ নির্বাচনে নাট্যকেন্দ্র এই উৎসবে যোগ দিচ্ছে। তবে ১০ থেকে ২০ অক্টোবরের এই উৎসবে কোন তারিখে নাটকটি মঞ্চস্থ হবে, তা এখনো জানা জায়নি। নাট্যকেন্দ্রের সাংগঠনিক সম্পাদক ঝুনা চৌধুরী বলেন, ‘আমাদের নাটকটি কোন তারিখে হবে, তা এখনো আয়োজকেরা জানাননি। তবে ওখানে নাটকটির তিনটি প্রদর্শনী করতে হবে।’ আরজ আলী মাতব্বরের জীবন ও দর্শন নিয়ে নাটকটি লিখেছেন মাসুম রেজা আর নির্দেশনা দিয়েছেন তারিক আনাম খান। এ ধরনের উৎসবে যোগ দেওয়া প্রসঙ্গে দলের প্রধান তারিক আনাম খান বলেন, ‘এ ধরনের উৎসবে যোগ দেওয়াটা নিঃসন্দেহে দলের জন্য উপকার হবে। কর্মীরা নতুন নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। পৃথিবীর নানা দেশের নাট্যকর্মীদের সঙ্গে মেলামেশার সুযোগ পাবেন। একাধিক দেশের নাটক দেখারও সুযোগ হবে।’ এর আগেরবার বাংলাদেশ থেকে নাগরিক নাট্যসম্প্রদায়ের রক্তকরবী নাটকটি নির্বাচিত হয়ে এই উৎসবে যোগ দিয়েছিল। ওখানে মঞ্চায়নের উপযোগী করতে নাটকটির স্থায়িত্বকালও কমিয়ে আনা হয়েছিল। আরজচরিতামৃত নাটকটিও কি একইভাবে নেওয়া হচ্ছে? এ প্রসঙ্গে তারিক আনাম বলেন, ‘এখনো আমরা বিষয়টি নিয়ে ভাবিনি। যেহেতু উৎসবে নানা দেশের নানা ভাষাভাষী থাকবেন, তাই নাটকটি যাতে দর্শকের কাছে পৌঁছানো যায়, দর্শকেরা যাতে নাটকটি বুঝতে পারেন, সে বিষয়টি মাথায় নিয়েই কাজ করছি।’নাট্যকেন্দ্র সূত্রে জানা গেছে, ৯ অক্টোবর রাতে তারিক আনামের নেতৃত্বে ১৫ সদস্যের একটি দল মিসরের উদ্দেশে রওনা হবে। এই দলে আছেন তারিক আনাম খান, ঝুনা চৌধুরী, ইকবাল বাবু, ইউসুফ হাসান অর্ক, অবিদ রেহান, লুসি তৃপ্তি গমেজ, সঙ্গীতা চৌধুরী, নিয়াজ মোহাম্মদ তারিক, লিংকন অভি প্রমুখ। কায়রোর এই উৎসবে প্রায় ৩০টি দেশ অংশ নিচ্ছে।