মিসরে 'চেন্নাই এক্সপ্রেস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত সাড়া জাগানো ছবি চেন্নাই এক্সপ্রেস এবার মিসর যাচ্ছে। ২৫ বছর পর মিসরে বাণিজ্যিকভাবে আবারও প্রদর্শিত হবে ভারতীয় ছবি। জানা গেছে, আগামী ২ অক্টোবর মিসরের কায়রোর আটটি ও আলেকজান্দ্রিয়ার দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে চেন্নাই এক্সপ্রেস। এরপর মিসরের বিভিন্ন শহরের আরও কয়েকটি প্রেক্ষাগৃহেও ছবিটি প্রদর্শন করার পরিকল্পনা আছে পরিবেশকদের।
চেন্নাই এক্সপ্রেস প্রযোজনা করেছেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। পরিচালনা করেছেন রোহিত শেঠি। এরই মধ্যে ছবিটি ২২৬ কোটি ৭০ লাখ রুপি আয় করেছে। ২০১৩ সালে বলিউডে নির্মিত ব্যবসা সফল ছবির শীর্ষ তালিকার শীর্ষে রয়েছে চেন্নাই এক্সপ্রেস। এরপর রয়েছে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি (১৯০.০৩ কোটি), ভাগ মিলখা ভাগ (১০৩.৫০ কোটি), রেস ২ (১০২ কোটি) ও গ্র্যান্ড মাস্তি (৮৮ কোটি)।