মিস্টার অ্যান্ড মিসেস পিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা​ ​জোলি
ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা​ ​জোলি

মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ তাঁরা হয়েছিলেন আগেই। দীর্ঘ অপেক্ষার কাঁসরঘণ্টা বাজিয়ে অবশেষে মিস্টার অ্যান্ড মিসেস পিটও হয়ে গেলেন। ব্র্যাঞ্জেলিনা জুটির বিয়ে নিয়ে কম কল্পগল্প, কম কেচ্ছা হয়নি। অবশেষে প্রেমের ইনিংসে প্রায় এক দশক কাটিয়ে দিয়ে আর আধডজন পিচ্চিপাচ্চার বাবা-মা হওয়ার পর বিয়েটা সেরে ফেললেন অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট।
তবুও কি ক্ষান্তি আছে? এবার শুরু হয়েছে বিয়ে নিয়ে হরেক কেচ্ছা। বিয়েটা কীভাবে হলো, আংটিটা হিরের নাকি পান্নার, আংটির দাম, বিয়ের পোশাকটার নকশা করেছেন কে, সেটার দামই বা কত...এন্তার প্রশ্ন।
প্রশ্নের তিরে অবশ্য এই জুটি বিদ্ধ হয়েছে শুরু থেকেই। ২০০৪ সালে মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ-এর সেটে দুজনের পরিচয়। জোলির ‘রিলেশনশিপ স্ট্যাটাস’ তখন ‘সিঙ্গেল’। দ্বিতীয়বারের মতো বিয়ের নটে গাছটি মুড়িয়ে আর ওমুখো হবেন না বলেই পণ করেছেন। জনি লি মিলার কিংবা বিলি বব থর্নটন—দুই বর তাঁর জন্য অভিশাপ না হোক, ‘বর’ অন্তত হতে পারেননি।
সম্পর্কের ব্যাপারে ভীষণই সিরিয়াস জোলি মাত্র ১৪ বছর বয়সে প্রজাপতির মতো উড়ে বেড়ানো সময়টাতেই প্রেমে পড়েছিলেন। মেয়েকে হাড়ে হাড়ে চেনেন বলেই মায়ের পূর্ণ সম্মতি ছিল। এমনকি মা নিজের বাসার একটা ঘর ছেড়েও দিয়েছিলেন মেয়ে আর তাঁর কিশোর প্রেমিককে। এই সম্পর্কের ভাঙন জোলিকে কাঁদিয়েছিল, খুব কাঁদিয়েছিল। কিন্তু সেটা শাপে বর হয়ে আসে এ জন্যই, বিখ্যাত অভিনেতা জন ভইটের মেয়ে জোলি প্রেম হিসেবে এরপর বেছে নেন অভিনয়টাকেই।
স্বাভাবিকভাবেই ২০০৩ সালে দ্বিতীয় বিয়ে বিচ্ছেদের অভিজ্ঞতাটাও জোলির জন্য তিক্ত। আর সেই সময়ে তাঁর জীবনে মিস্টার স্মিথ হয়ে পিটের আগমন। যেখানে পিটের জীবনের গল্পটা ছিল ঠিক জোলির উল্টো। এত ঘাটের পানি তিনি খাননি। গিনেথ প্যালেট্রোর হয়ে বিয়েটা হব হব করতে গিয়েই ভেঙে যাওয়া—এই একটাই ব্যতিক্রম। নয়তো জেনিফার অ্যানিস্টোনের সঙ্গে সুখের সংসারই ছিল তাঁর। বিভিন্ন সাক্ষাৎকারে পিট বারবার অ্যানিস্টোন সম্পর্কে তাঁর মুগ্ধতার কথা বলেছেন। বলেছেন, অ্যানিস্টোনই সেই নারী, যাঁর শ্রীচরণে তিনি বিষয়-বাসনা বিসর্জন দিতে পারেন।
অথচ সেই সংসারে ঝড় হয়ে এলেন জোলি। বিষয়টি ঝড় তুলল পত্রিকার পাতায়। জোলি কী করে পিটের সঙ্গে প্রেম করতে পারেন, যেখানে পিট বিবাহিত! একই প্রশ্ন জোলি নিজেও করলেন। ২০০৫ সালের শুরুতে এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা থেকে বললেন, ‘কোনো বিবাহিত পুরুষের সঙ্গে ঘনিষ্ঠতার মতো অপরাধকে আমি কখনোই ক্ষমা করি না, কারণ আমার মাকেও আমার বাবা প্রতারিত করেছিলেন। এটা করলে আয়নায় আমি নিজেই নিজেকে দেখার সাহস কুলিয়ে উঠতে পারতাম না। আর যে মানুষটা নিজের স্ত্রীকে প্রতারিত করতে পারে, সেই মানুষটার প্রেমে আমি কীভাবে পড়তে পারি?’
বোঝাই যাচ্ছিল, এই সম্পর্ক নিয়ে জোলি নিজেও ভেতরে ভেতরে পুড়ছিলেন অনুশোচনায়। একদিকে আবেগ অন্যদিকে অনুশোচনা। অনিঃশেষ এই যন্ত্রণা থেকে জোলিকে মুক্তি দিলেন অ্যানিস্টোনই। ২০০৫ সালের মার্চে পিটের সঙ্গে বিচ্ছেদের আবেদন করে বসলেন। এর ঠিক এক মাস পরে কেনিয়ার একটি সৈকতে শার্লক হোমসীয় কায়দায় এক পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়লেন পিট, জোলি আর তাঁর পালক সন্তান ম্যাডক্স। এর পর থেকে দুজনকে একসঙ্গে দেখতে পাওয়ার মাত্রা বাড়তেই থাকল। এই জুটি নামও পেয়ে গেল একটা—‘ব্র্যাঞ্জেলিনা’। অবশেষে ২০০৬ সালের জানুয়ারিতে জোলি অন্যভাবে এই সম্পর্কটার আনুষ্ঠানিক স্বীকৃতির খবর দিলেন, তিনি মা হতে চলেছেন!
দুই সন্তানের এই সংসারটা আরও বাড়বাড়ন্ত হয়ে উঠল। ঘরময় ভর্তি ছয়-ছয়টি সন্তান। নিন্দুকের মুখে ছাই দিয়ে দুজনের সুখের সংসার। পিটকে অ্যানিস্টোনের কাছ থেকে কেড়ে নেওয়া ভাবমূর্তি যতটা ক্ষুণ্ন হয়েছিল, জোলি দ্রুতই সেটা পুষিয়ে নিলেন একের পর এক সামাজিক কাজে নিজেকে ব্যস্ত রেখে। সবই ঠিক ছিল। কিন্তু ঝুলে ছিল বিয়েটা। আদৌ তাঁরা বিয়ে করবেন কি না, এই সংশয়ও দেখা দিয়েছিল। আগের দুই বিয়ে নিয়ে তিক্ত অভিজ্ঞতা তো জোলির আছেই।
সেই সংশয়টা বেড়ে গেল এই মন্তেব্য, দুজনই ঘোষণা দিলেন, পৃথিবীর সব দেশে যত দিন না সমলিঙ্গের বিয়ে বৈধ হচ্ছে, তাঁরাও বিয়ে করবেন না! মাঝে এমন খবরও বেরোল, সুখের সংসারে ভাঙন। কিন্তু শেষ পর্যন্ত সব গুঞ্জনে কুলুপ এঁটে দিয়ে ২০১২ সালে ঘোষণা দিলেন, তাঁদের বাগদান হয়ে গেছে। অবশেষে দুই বছর পর গত ২৩ আগস্ট বিয়েটাও হয়ে গেল। যে বিয়েতে হাজির ছিল তাঁদের ছয় সন্তানের সবাই।
মধুচন্দ্রিমার আদিখ্যেতা অবশ্য দুজন করেননি। বিয়ের পরপরই ছুটে গেছেন শুটিংয়ে। আবারও রুপালি পর্দায় জুটি বাঁধছেন জোলি-পিট। ১০ বছর পর আবারও একই ছবিতে কাজ করা। ছবির চিত্রনাট্য আর পরিচালনা দুটোই জোলির। গল্পটাও দারুণ, বিয়ে বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে এই দম্পতির কোথাও বেড়াতে যাওয়ার গল্প।
মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, সেটা আপাতত এসে ঠেকল বাই দ্য সি নামের এই ছবিতে। বাহ্ বেশ তো। এ যে মধুরেণ সমাপয়েৎ!
রাজীব হাসান, হলিউড লাইফ অবলম্বনে