মীনা কার্টুনের নতুন পর্বের উদ্বোধন
সাত বছর পর ইউনিসেফ নতুন দুটি ‘মীনা’ কার্টুনের ভিডিওর উদ্বোধন করল। গতকাল দুপুরে শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা প্লাজায় পর্ব দুটি প্রদর্শিত হয়। নতুন পর্ব দুটি হচ্ছে হাত ধোয়ার সঠিক নিয়মের অনুশীলন-সংবলিত ‘জাদুর পাথর’ (ম্যাজিক স্টোন) এবং নবজাতকের যত্নবিষয়ক ‘রূপকথার দেশে মীনা’ (মীনা ইন ফ্যান্টাসিল্যান্ড)। ইউনিসেফ বাংলাদেশের প্রধান ক্যারল ডি রয় পর্ব দুটির উদ্বোধন করেন। এ কার্টুন দেখতে নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠানস্থল ভরে উঠে শত শত শিশুতে। এদের মধ্যে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক পরিবারের অনেক শিশু।উদ্বোধনীতে ক্যারল ডি রয় বলেন, ‘গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের শহরাঞ্চলের ৯৭ শতাংশ শিশু-কিশোর এবং গ্রামাঞ্চলের ৮১ শতাংশ শিশু-কিশোর মীনা চরিত্রটিকে ব্র্যান্ড হিসেবে চিনতে পারে। এদের মধ্যে বিরাটসংখ্যক শিশু-কিশোর কার্টুনটির কিছু কিছু গুরুত্বপূর্ণ শিক্ষামূলক বার্তাও বলতে পারে।’