মীম এবার ‘মঞ্জুলিকা’
মঞ্জুলিকার বাল্যবিবাহ হয়েছিল। কিন্তু সে তা ভুলে গেছে। কারণ যার সঙ্গে মেয়েটির বিয়ে হয়েছিল, সেই ছেলেটি পড়াশোনার জন্য বিলেতে চলে যায়। স্ত্রী কিংবা তার পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি। পরে মঞ্জুলিকার সঙ্গে সম্পর্ক হয় অন্য এক যুবকের। নাম পুরান। তারা দুজন দুজনকে ভালোবাসে। এই সম্পর্ক যখন বিয়ের দিকে এগিয়ে যায়, তখন তাদের মাঝে এসে দাঁড়ায় মঞ্জুলিকার স্বামী। সে এবার স্ত্রীকে নিয়ে সংসার করার পরিকল্পনা করছে। কিন্তু মঞ্জুলিকা কী সিদ্ধান্ত নেবে, তার ওপরই নির্ভর করছে সবকিছু। গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের। পঁচিশে বৈশাখ উপলক্ষে বিটিভির জন্য এই গল্প নিয়ে নাটক তৈরি করেছেন অনন্ত হীরা। নাটকের নাম মঞ্জুলিকা ও দীপালতা। আর এতে মঞ্জুলিকা চরিত্রে অভিনয় করেছেন মীম। মীম জানালেন, এবারই তিনি প্রথম রবীন্দ্রনাথের গল্পের নাটকে অভিনয় করেছেন। আর পুরো কাজটা হয়েছে নবাবগঞ্জে। সেখান থেকে ফিরে নাটকে কাজ করার অভিজ্ঞতার কথা বললেন মীম, ‘নাটকটির কাজ শুরু হওয়ার দুই দিন আগে চিত্রনাট্য হাতে পেয়েছি। পুরো নাটকে অর্ধেকের চেয়েও বেশি ছিল কবিতা। সংলাপ মুখস্থ করা তো কোনো ব্যাপারই না। কিন্তু কবিতা মুখস্থ করে সেগুলো আবার ক্যামেরার সামনে অভিনয় করা—ওই সময় এটাই ছিল আমার কাছে সবচেয়ে কঠিন কাজ। প্রায় প্রতিটি শটই ১০ বার পর্যন্ত দিতে হয়েছে। তবে রবীন্দ্রনাথের গল্পের নাটকে কাজ করছি, এটা ভেবেই ভালো লেগেছে।’নাটকে মঞ্জুলিকার বোন দীপালতার চরিত্রে অভিনয় করেছেন নূনা আফরোজ এবং পুরান চরিত্রে অপূর্ব।