মীমের বিয়ে
বিয়ে করতে যাচ্ছেন সাবেক নতুন কুঁড়ি চ্যাম্পিয়ন সাবরিন সাকা মীম। পাত্র ব্রাহ্মণবাড়িয়ার। নাম শাহরিয়ার আহমেদ। প্রথম আলো ডটকমকে মীম জানিয়েছেন, তাঁর হবু বর ঢাকা মেডিকেল কলেজ থেকে পড়াশোনা শেষ করে এখন আইসিডিডিআরবিতে গবেষণা বিভাগে কাজ করছেন।আগামী ৫ ও ৬ ডিসেম্বর গায়েহলুদের অনুষ্ঠান শেষে ৭ ডিসেম্বর বিয়ের কাজটি সম্পন্ন হবে। এরপর ৯ ডিসেম্বর বিবাহ-পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। মীম বলেন, ‘আমাদের বিয়েটা পারিবারিকভাবে হচ্ছে। শাহরিয়ার আমাকে দেখে পরিবারের কাছে প্রস্তাব পাঠিয়েছিল। ওই সময় পারিবারিকভাবেও আমার জন্য পাত্র দেখা হচ্ছিল। শাহরিয়ারের বাবা-মা দুজনই ডাক্তার, একমাত্র বোনটিও মেডিকেলে পড়ছে। ডাক্তার ছেলেকে আমার মা-বাবার পছন্দও হয়ে যায়।’ মীম আরও বলেন, ‘শাহরিয়ার থাকে ঢাকার আজিমপুরে; বিয়ের পর আমাকে সেখানেই থাকতে হবে। আমি কিন্তু বরাবরই ঘরকুনো মেয়ে। মা-বাবা, বোনকে ছেড়ে অন্য কোথাও থাকতে হবে ভেবে এখনই মন খারাপ হচ্ছে। তবে বিয়ে তো করতেই হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’