মীরাক্কেলে একদল বাংলাদেশি ক্রিকেটভক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’–এর নবম কিস্তি চলছে। এতে অংশ নিচ্ছেন বাংলাদেশি প্রতিযোগীরাও। আর আজকের পর্বে তো বাংলাদেশিদের প্রভাব একটু বেশিই থাকবে। কারণ, এতে আজ অংশ নিচ্ছেন একদল বাংলাদেশি। বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের ২২ জন সদস্যকে আজকের পর্বে দেখা যাবে। তাঁরা দর্শক হিসেবে এতে অংশ নিলেও অনুষ্ঠানের সঞ্চালক মীর আফসার আলী মঞ্চে তুলে এনে শুনবেন তাঁদের কথা। গতকাল শুক্রবার বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জুনায়েদ মুর্শেদ এসব তথ্য জানান।
জুনায়েদ বলেন, ‘মীরাক্কেলের অষ্টম সিজনের প্রতিযোগী ইমরান আমাদের সংগঠনের সদস্য। তাঁর মাধ্যমেই আমাদের সঙ্গে মীরাক্কেলের পরিচালকের সঙ্গে যোগাযোগ। পরে আমরা চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা দেখতে ভারতে গেলে মীরাক্কেল থেকে আমন্ত্রণ পাই। বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচের পরের দিন আমরা অংশ নিই মীরাক্কেলের দৃশ্য ধারণে।’
মীরাক্কেলে বাংলাদেশি দর্শকদের দারুণভাবে স্বাগত জানানো হয় বলে জুনায়েদ প্রথম আলোকে জানান। উপস্থাপক মীর বাংলাদেশের ক্রিকেট দলের প্রশংসা করেন। তিন বিচারকও বাংলাদেশ নিয়ে তাঁদের ভালো লাগার কথা জানান। বিচারক শ্রীলেখা মিত্র বলেন, তাঁর বাবার জন্ম বাংলাদেশের ফরিদপুরে। সুযোগ পেলে সেখানে একবার যেতে পারেন বলেও জানান তিনি। আজকের অনুষ্ঠান শুরু হবে রাত ১০টায়।