মীরাক্কেলে এবার সফল পরশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বদরুল হায়দার
বদরুল হায়দার

পুরো নাম বদরুল হায়দার। জি বাংলার ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৮’ যাঁরা দেখেছেন, তাঁদের কাছে ‘পরশ’ নামেই তিনি পরিচিত। পরশ এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন। হয়েছেন প্রথম রানারআপ। স্বাভাবিকভাবেই তাঁর অনুভূতি অন্য রকম হবে, কিন্তু পরশের মুখে অন্য কথা। বললেন, ‘এই প্রতিযোগিতায় এর আগে বাংলাদেশ থেকে অংশ নিয়ে আবু হেনা রনি হয়েছেন চ্যাম্পিয়ন আর দ্বিতীয় রানারআপ সজল। আরও খেতাব এসেছে। শুধু ফাঁকা ছিল প্রথম রানারআপ। এবার সেটা আমি পূরণ করেছি।’
পরিচিতজনদের কাছে পরশ কৌতুকশিল্পী হিসেবে অনেক আগে থেকেই পরিচিত। কৌতুক বলার কাজ অনেক দিন ধরেই করছেন। বললেন, ‘আমার কথা শুনে অনেকেই হাসে। আমি স্বাভাবিকভাবে কথা বললেও হাসে। পাঁচ মিনিট কথা বললে দেখেছি চার মিনিটই হাসছে। তখন মনে হলো, লোক হাসানোর কাজটা আমাকে দিয়ে হবে। তাই বাসার কাউকে না জানিয়ে “মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৮” প্রতিযোগিতায় অডিশন দিয়েছিলাম। তাও আবার ঢাকায় নয়, বগুড়ায় গিয়ে। বিচারক যাঁরা ছিলেন, সবাই দেখেছি হাসছেন। সুযোগ পেয়ে গেলাম।’
এখানেই শেষ নয়, পরশের গল্প আরও দীর্ঘ। বাংলাদেশ থেকে যে কজন প্রতিযোগীকে বাছাই করা হয়, পরশের নাম ছিল সবার শেষে। পরশের ভাষায়, বিশেষ বিবেচনায়। তারপর সাড়ে সাত মাসের প্রশিক্ষণ এবং সপ্তাহের তিন দিন ক্যামেরার সামনে তা উপস্থাপন। শুরু থেকেই প্রতিযোগিতার তিন বিচারক পরান বন্দ্যোপাধ্যায়, শ্রীলেখা মিত্র আর রজতাভ দত্তের মন জয় করেন পরশ। আরও একজনের মন জয় করতে পেরেছিলেন। পরশ বললেন, ‘তিনি মীরদা। মীর আফসার আলী।’
পরশ এখন ঢাকায়। পরিবারে আছেন বাবা-মা আর তিন ভাই-বোন। পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিবিএ শেষ, এখন এমবিএ করছেন। কৌতুক বলে সফল হলেও ভবিষ্যতে কোনো বহুজাতিক প্রতিষ্ঠানে কাজ করার ইচ্ছে তাঁর।
তাহলে কৌতুক বলা? পরশ বললেন, ‘এই কাজটা আমি নিয়মিতই করব।’