মীরাক্কেলে সেরা হলেন ১৩ জন
একজন কিংবা দুজন নন, জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬ অসাম সালায় সেরা হয়েছেন ১৩ জন। প্রতিযোগিতার পুরস্কারের অর্থ দেড় লাখ রুপি ভাগ করে দেওয়া হয়েছে তাঁদেরকে। অনুষ্ঠানটি প্রচারিত হবে ১৫ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটায়। অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে এ তথ্য। এরই মধ্যে অনুষ্ঠানের ধারণকাজ শেষ হয়েছে। শিগগিরই দেশে ফিরছেন বাংলাদেশের প্রতিযোগীরা। মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬ এক বছর পূর্ণ করেছে ১১ জুলাই। এরই মধ্যে হয়ে গেছে এই প্রতিযোগিতার চূড়ান্ত অনুষ্ঠান। এখন প্রচারিত হচ্ছে বর্ধিত অংশ মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬ অসাম সালা। এই বর্ধিত অংশের প্রতিযোগিতা শেষ হচ্ছে ১৫ জুলাই। কথা ছিল, অনুষ্ঠানটির এক বছর পূর্তি উপলক্ষে সেদিন থাকবে বিশেষ পর্ব। কিন্তু রেকর্ডিংয়ের আগের দিন ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সব প্রতিযোগীকে জানানো হলো, কোনো বিশেষ পর্ব নয়, সেদিন হবে চূড়ান্ত প্রতিযোগিতা। আর পুরোনো ও নতুনদের মধ্য থেকে সেরা তিনজনকে দেওয়া হবে দেড় লাখ রুপি। জানা গেছে, সেদিন রনি, সজল, অপূর্ব, সাইদুর, মুজাহিদুর, পার্থ ও অর্ণবের পরিবেশনা খুব প্রশংসিত হয়। অন্যদের পরিবেশনাও ছিল তাঁদের খুব কাছাকাছি। শেষে বিচারক ও অনুষ্ঠান কর্তৃপক্ষের সিদ্ধান্তে প্রতিযোগিতায় অংশ নেওয়া ১৩ জনকেই সেরা ঘোষণা করা হয়।অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মীর।