মীরাক্কেলের জামিল এবার সিনেমার গানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গান রেকর্ডিংয়ের পর স্টুডিওতে ফোয়াদ নাসের বাবু, জামিল ও আহসান সারোয়ার
গান রেকর্ডিংয়ের পর স্টুডিওতে ফোয়াদ নাসের বাবু, জামিল ও আহসান সারোয়ার

চলচ্চিত্রের গানে প্রথমবার কণ্ঠ দিলেন মীরাক্কেলখ্যাত জামিল হোসেন। গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকার নিকেতনের একটি স্টুডিওতে ‘রং ঢং’ নামের এই সিনেমার গানটির রেকর্ডিংয়ে অংশ নেন তিনি। ফোয়াদ নাসের বাবুর সংগীত পরিচালনায় গানটির কথা ও সুর জামিলেরই।

ভারতের জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স’–এ অংশ নিয়ে বাংলাদেশের মানুষের নজরে আসেন জামিল। এরপর তাঁকে দিয়ে পরিচালকেরা অভিনয়ও করান। এখন চলচ্চিত্র ও টিভি নাটকে নিয়মিত অভিনয় করছেন জামিল। আর এবার চলচ্চিত্রের জন্য গান গাইলেন।
আজ বৃহস্পতিবার সকালে জামিলের সঙ্গে যখন কথা হচ্ছিল, তখন তিনি ঢাকার উত্তরায় মাসুদ সেজানের পরিচালনায় একটি নাটকের শুটিং করছিলেন। চলচ্চিত্রের গান প্রসঙ্গে বললেন, ‘মনের তাগিদে আমি গান করি। গানটা কিন্তু আমার রক্তে মিশে আছে। আমার বাবা গান গাইতেন। আধুনিক ও ব্যান্ড আঙ্গিকের গান ছিল তাঁর পছন্দ। বাবার কাছ থেকেই আমার গানের হাতেখড়ি। মনে মনে স্বপ্ন দেখতাম গান নিয়ে কিছু করার।’
জামিল জানান, গান নিয়ে তিনি বরাবরই বেশ সিরিয়াস। আর এ জন্যই নাকি ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ এবং ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ প্রতিযোগিতার কয়েকটি আসরে অডিশন দিতে গিয়েছিলেন। সে যাত্রায় বেশিদূর এগোতে পারেননি। বললেন, ‘শিল্পী হিসেবে নিজের পরিচয় তুলে ধরতে গানের রিয়্যালিটি শোতে অংশ নিতাম। বন্ধুদের বলে যেতাম, তারা যেন আমাকে ভোট করে। কিন্তু গানের সেসব প্রতিযোগিতায় আমি বেশিদূর এগোতে পারিনি। এরপর তো চুপচাপ মীরাক্কেলে নাম লেখাই। যেখানে আমি সবকিছু চুপচাপ করে করলাম, সেখান থেকেই সবাই আমাকে চিনতে শুরু করে।’
‘রং ঢং’ সিনেমাটি পরিচালনা করছেন আহসান সারোয়ার।