মীরাক্কেলের রসিক চার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আ‘মরা চারজন এবার একসঙ্গে অভিনয় করতে চাই।’‘নাটকে, নাকি চলচ্চিত্রে?’‘অবশ্যই নাটকে।’‘কোনো পরিচালকের সঙ্গে আলোচনা হয়েছে?’‘না। মাত্র তো ওরা দেশে এল। এবার একসঙ্গে বসে আলোচনা করে তবেই সবকিছু চূড়ান্ত করব। আমরা একসঙ্গে একটা বড় সময় থেকে এসেছি কলকাতায়। এখানেও একসঙ্গেই কিছু করার ইচ্ছা আছে।’মো. জামিল হোসেনের সঙ্গে কথোপকথনের কিছু অংশ।গত মঙ্গলবার সকালে প্রথম আলো কার্যালয়ে এসেছিলেন আবু হেনা (রনি), ইশতিয়াক নাসির, মো. জামিল হোসেন ও আনোয়ারুল আলম (সজল)—জি বাংলার মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার- ৬ প্রতিযোগিতার চারজন। মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬ প্রতিযোগিতার পর মায়ের অসুস্থতার কারণে মাস তিনেক আগেই দেশে ফিরেছেন জামিল। তবে অন্য তিনজন ফিরেছেন গত ২৭ জুলাই। মাঝে তাঁরা অংশ নেন মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬ অসাম সালাতে।ভারতের কলকাতার জি বাংলার মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন এবং ‘ভিউয়ার্স চয়েস’ পুরস্কার পেয়েছেন রনি। তৃতীয় হয়েছেন সজল।আড্ডার শুরুতেই মুঠোফোনে কথা হলো পরিচালক রেদওয়ান রনির সঙ্গে। চারজনকে নিয়ে কোরবানির ঈদের জন্য একটি নাটক তৈরির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন তিনি। চারজনই রাজি। তিনি জানালেন, শুরুতে একটি এক ঘণ্টার নাটক তৈরি করবেন তিনি। এরপর তৈরি করবেন ধারাবাহিক। এবার চারজনের মুখেই হাসি।ভারতের পশ্চিমবঙ্গে এখন তাঁদের দারুণ জনপ্রিয়তা। দেশে ফেরার পর বুঝতে পারছেন, এখানেও তাঁরা কম জনপ্রিয় নন! বিভিন্ন টিভি চ্যানেল কর্তৃপক্ষ তাঁদের নিয়ে অনুষ্ঠান তৈরির ব্যাপারে আগ্রহ প্রকাশ করছে।এদিকে দেশে ফিরে ছুটে গেছেন নিজেদের পরিবারের কাছে। প্রায় ১৪ মাস পরিবারের সবাইকে ছেড়ে বিদেশবিভূঁইয়ে কাটিয়ে এলেন তাঁরা।মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬ প্রতিযোগিতার চূড়ান্ত অনুষ্ঠানে চ্যাম্পিয়নের নাম ঘোষণার পর রনির অনুভূতির কথা খুব জানতে ইচ্ছা করছিল। তিনি বললেন, ‘সেই মুহূর্তটি আমার কাছে এখনো অবিশ্বাস্য বলে মনে হয়। একমুহূর্ত আগেও আমি তা কল্পনা করতে পারিনি। চ্যাম্পিয়ন হওয়ার পর ভেবেছিলাম, এবার ভিউয়ার্স চয়েস পুরস্কারের জন্য যার নাম ঘোষণা করা হবে, তাকে জড়িয়ে ধরে আমরা উল্লাস করব। ওমা! দেখি আমার নামই বলছে! সেরা দুটি পুরস্কার—সঙ্গে তৃতীয়টিও পেয়েছি বাংলাদেশের ছেলেরা। এটা আমাদের জন্য অনেক বড় সম্মানের ব্যাপার ছিল। প্রতিযোগিতার প্রথম দিন থেকে আমার কাছে টিকে থাকাটাই ছিল বড় প্রতিযোগিতা। শেষ দিকে আমার মধ্যে কিছুটা হতাশা কাজ করছিল। ফাইনালের আগে বড় ভাই ফোন করে আমাকে উৎসাহ দিলেন।’সজল বললেন, ‘আমাদের সবার একটা ধারণা ছিল, চ্যাম্পিয়ন হবেন রনি ভাই। কিন্তু ওনার সামনে এসব নিয়ে আলোচনা করলে তিনি অন্য রুমে গিয়ে বসে থাকতেন।’ইশতিয়াকের ব্যাপারে একটা গোপন খবর ফাঁস করে দিলেন সজল। তিনি বললেন, ‘মেয়েরা কিন্তু ওনাকে একটু বেশি পছন্দ করে। বিচারকেরাও কত আদর করতেন। কলকাতায় ওনার মেয়ে-ভক্তের সংখ্যা প্রচুর।’কলকাতার লেকল্যান্ড কান্ট্রি ক্লাবে এই পুরো সময়টা থাকা আর দমদমের এইচএমভি স্টুডিও এই চারজনের কাছেই জীবনের একটা বড় স্মৃতি হয়ে থাকবে।নিজেদের জনপ্রিয়তাকে এখন দারুণ উপভোগ করছেন রনি, জামিল, ইশতিয়াক আর সজল। এখন তাঁদের স্বপ্ন সামনে এগিয়ে যাওয়া।মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬ প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত ও নাট্যকলা বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের ছাত্র ছিলেন রনি। এবার তিনি পড়াশোনাটা শেষ করবেন। এশিয়ান বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছিলেন সজল। পঞ্চম সেমিস্টার পর্যন্ত পড়া শেষ করেছিলেন। এবার ভর্তি হবেন ষষ্ঠ সেমিস্টারে। জামিল চাকরি করছিলেন ইনোরমাস ইনফোনেট প্রতিষ্ঠানে। ফিরে এসে এই প্রতিষ্ঠানেই বিপণন ব্যবস্থাপক হিসেবে যোগ দিয়েছেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন ইশতিয়াক। চাকরি নাকি তাঁর কখনোই ভালো লাগেনি। তাই এখন থেকে সৃজনশীল কাজ করতে চান। এখন এই চারজনের উদ্দেশ্য, পড়াশোনা আর চাকরির পাশাপাশি ছোট পর্দায় নিজেদের প্রতিষ্ঠিত করা।ইশতিয়াক জানালেন, সজল কিন্তু এরই মধ্যে কলকাতার চলচ্চিত্রে অভিনয়ের ডাক পেয়েছেন।সজলকে জিজ্ঞেস করতেই বললেন, ‘ছবির পরিচালক রূপক মজুমদার। ছবির শুটিং শুরু হবে আগস্ট মাসে। তবে আমার কাজ হবে ৩ সেপ্টেম্বর থেকে।’দেশে আসার পর রঙিন জামা নামের একটি নাটকে কাজ করেছেন জামিল।রনি গান করেন নিজের মনে। মাঝেমধ্যে বন্ধুদের আড্ডায়। গানের ওপর গুরুর কাছ থেকে কিংবা কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়া হয়নি তাঁর। মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬ প্রতিযোগিতায় তাঁর এই গুণটি চোখ এড়ায়নি উপস্থাপক মীরের। এরপর সংগীতশিল্পী হিসেবেও তাঁর একটা পরিচয় তৈরি হয়েছে। তিনি জানালেন, সুযোগ পেলে গানের অ্যালবাম করার ইচ্ছা আছে তাঁর।জামিল জানালেন, এরই মধ্যে তিনি নিজের গানের অ্যালবাম তৈরির কাজ শুরু করেছেন। কোরবানির ঈদে তা শ্রোতাদের হাতে দেওয়ার পরিকল্পনা আছে।এরপর বেলা একটা টিভি চ্যানেলে যাওয়ার কথা আছে তাঁদের। তার আগে ছবি তুলতে হবে। তাঁদের কাছ থেকে নতুন কোনো জোকস শোনার খুব ইচ্ছা করছিল। তাঁরা জানালেন, প্রতিযোগিতা শেষ হয়েছে ৫ জুলাই (পর্বটি প্রচারিত হয়েছে ১৫ জুলাই)। এরপর আর নতুন জোকস খোঁজ করা কিংবা তৈরি করার ইচ্ছা হয়নি।অনেক দিন তো হলো, এবার না হয় জোকসের পাশাপাশি অন্য কিছু করা যাক। কারণ, তাঁরা যে খুব ভালো পারফরমার—এ কথাটি অসংখ্যবার শুনেছেন প্রতিযোগিতার বিচারক পরান বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত আর শ্রীলেখা মিত্রের কাছ থেকে।