মীরাক্কেলের শশী
‘করিম চাচা চাচিরে কইল, হ্যাঁ গো, শুনছ? দেশের যা অবস্থা হইছে, আমি দেশের সরকার হইলে পুরা দেশ পাল্টাইয়া দিতাম। চাচি কইল, দেশ পাল্টাইবা? নিজের পায়জামা আগে পাল্টাও। সকাল থেইকা উল্টা পইরা আছ।’ মনে হতে পারে, আরে এ কৌতুক বলার কী আছে। এ তো সবারই জানা। পড়ে হয়তো হাসিও পাচ্ছে না। কিন্তু এমনি সব কৌতুক বলে দেশের জন্য পুরস্কার জিতে এনেছেন একজন। সাধারণ কৌতুকগুলো তাঁর অসাধারণ প্রকাশভঙ্গিতে দর্শকদের আনন্দ দিয়েছে। দম ফাটানো এসব কৌতুক কতখানি দর্শকদের মনে স্থান করতে পেরেছিল, তা তাদের ভোটের পরিমাণ দেখেই বোঝা গেছে। বিপুল ভোটে জি-বাংলার জনপ্রিয় অনুষ্ঠান মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৫-এ যুগ্মভাবে তৃতীয় হন তিনি। এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরেছেন কার কথা বলছি। ঠিক ধরেছেন, ফারজানা সাগীর শশীর কথাই বলছি। স্বভাবে একদম চুপচাপ, স্থির—এমন মানুষ কীভাবে অন্যকে হাসাতে হাসাতে পেটে খিল ধরিয়ে দেন জানতে চাইলে শশী বলেন, ‘আমি মজা করতে পছন্দ করি। আগে পরিবার ও বন্ধুদের সঙ্গে করতাম। কিন্তু এভাবে অন্যকে হাসাতে পারব এটা বুঝতে পারিনি। ছোটবেলা থেকেই গান, নাচ আর অভিনয়ের সঙ্গে যুক্ত। নতুন কুঁড়ি শিশুশিল্পী প্রতিযোগিতায় খ বিভাগে অভিনয়ে প্রথম হয়েছিলাম। সে কারণে অনুষ্ঠানে অংশ নিতে জড়তা ছিল না। গত বছর বাংলাভিশনে রসিকরাজ নামের একটি কৌতুকভিত্তিক অনুষ্ঠানে অডিশন দিই। টিকেও যাই। সেই অনুষ্ঠানে অনেক কিছু শিখতে পেরেছিলাম। এসব অভিজ্ঞতা পরে কাজে লেগেছে। আর মীরাক্কেল তো খুবই প্রিয় অনুষ্ঠান আমার। দেখতাম আর ভাবতাম, যদি অংশ নিতে পারতাম! হঠাৎ করে সুযোগটা এসে গেল। প্রথম আলোয় মীরাক্কেল-এর বিজ্ঞাপন দেখলাম। অডিশন হলো চ্যানেল আইয়ে। অডিশনে আমি টিকে গেলাম। আমার সঙ্গে আরও সাতজন ছেলে। পরে দুজন অবশ্য ভিসার জটিলতার কারণে যেতে পারেনি। সবাই বলত সাতভাইয়ের চম্পা। প্রথমবার গিয়ে দেড় মাস ছিলাম। সবাই খুব সহযোগিতা করত। একে একে সবাই বাদ পড়তে থাকে। শেষ পর্যন্ত বাংলাদেশের শুধু আমিই থাকি। সেমিফাইনালে বাদ পড়ে গিয়েছিলাম। কিন্তু দর্শকের বিপুল ভোটে আবার আমি শীর্ষ ছয়ে চলে আসি। নিজেদেরই কৌতুক খুঁজে বের করতে হতো। তারপর নিজের মতো করে চিত্রনাট্য লেখা। প্রত্যেকের জন্য মেন্টর নিয়োগ করা ছিল। তারা শুধু চূড়ান্ত কৌতুক বাছাই করে দিত। মাঝেমধ্যে তাদের বাছাই করা কৌতুক মানসম্মত মনে হতো না। তখন নিজের পছন্দমতো কৌতুক পরিবেশন করতাম। সেগুলো আঞ্চলিক ভাষায় কখনো গান, কখনো নাচ, কখনো বা অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলতাম। চূড়ান্ত অনুষ্ঠানের দিনও তাই করেছিলাম। শেষের দিকে সবাই আমাকে হিংসা করত। ভাবত, অন্য একটা দেশ থেকে এসে পুরস্কার নিয়ে যাবে! কষ্ট পেতাম। মনোবল হারাতাম না। তাই তো শেষ পর্যন্ত দেশের মান রাখতে পেরেছি। সব মিলিয়ে প্রায় তিন মাস ওখানে ছিলাম। ওদের সঙ্গে বন্ধুত্ব হয়ে গিয়েছিল। এখন দেশে আসার পরও সবাই যোগাযোগ করে। বেড়াতে যেতে বলে।’ কিশোরগঞ্জের ভৈরবের জগন্নাথপুরের মেয়ে শশী তাঁর পুরো সাফল্যের কৃতিত্ব দেন মাকে, ‘ছোটবেলায় বাবাকে হারিয়েছি। মা-ই আমাদের চার ভাইবোনকে বড় করেছেন। বড় আপা গান শিখত। গানে হাতেখড়ি হয় আপার কাছে। আপার বিয়ের পর ওস্তাদের কাছে গান শিখতাম। সংসারে অনেক খারাপ সময় গেছে। কিন্তু মা কখনো নাচ-গান শিখতে বারণ করতেন না। নিজেই অনেক উৎসাহ দিতেন। তাঁরই ইচ্ছায় এইচএসসি পাসের পর ঢাকায় এসে ফরিদা পারভীনের কাছে দুই বছর লালনসংগীত শিখেছি। আরণ্যক নাট্যদলে কাজ করতাম। এখন সময় পাই না। তবে ইচ্ছা আছে আবার থিয়েটারে যোগ দেব। মা আর ছোট বোনটা সব সময় ভুল ধরিয়ে দিত। মাকে খুশি করতে পেরেছি। এটাই বড় সফলতা। বর্তমানে ইডেন কলেজে বাংলা বিভাগে দ্বিতীয় বর্ষে পড়ছি। পড়াশোনার পাশাপাশি সবকিছু চালিয়ে যেতে চাই। তবে ভবিষ্যতে পৃষ্ঠপোষকতা পেলে মীরাক্কেল-এর মতো অনুষ্ঠান তৈরি করার ইচ্ছা আছে। কৌতুক নিয়ে তো এখানে তেমন কোনো অনুষ্ঠান হয় না। তবে নাভিদ কমেডি ক্লাবের নাভিদ ভাইকে দেখে অনুপ্রাণিত হয়েছি। তাঁর সঙ্গে কাজ করার ইচ্ছার কথা জানিয়েছি।’ শশীর দিনগুলো বদলে গেছে। বেড়ে গেছে ব্যস্ততা। ভৈরবের শশী এখন দুই বাংলার তারকা। সবার আবদার পূরণ করতে হয়। কোথাও গেলে সবাই তাঁর কৌতুক শুনতে চায়। অভিজ্ঞতার কথা জানতে চায়। এমন আবদার হাসিমুখে মেনে নেন শশী। কেননা, এসবের মাঝেই তো লুকিয়ে থাকে ভালোবাসা, যা তাঁকে আজকের অবস্থানে নিয়ে এসেছে।