মীরের সঙ্গে আধঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় এসেছেন দুপুরে। ঈদের পর, (শুক্রবার) রাস্তায় কোনো জ্যাম নেই। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অল্প সময়েই পৌঁছে গেলেন ঢাকা ক্লাবের অতিথিশালায়। এরপর দুপুরের খাওয়া, কিছুক্ষণ বিশ্রাম। সন্ধ্যায় এখানেই পর পর কয়েকটি মিটিং। পরদিন রাতে দেশ টিভিতে কল-এর গান অনুষ্ঠানে গান করবেন মীর ও ব্যান্ডেজ। এর ফাঁকে মীরের সঙ্গে কিছুক্ষণ কথা বলার সুযোগ পাওয়া গেল। তখন ওখানে ছিলেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূর ও অনুষ্ঠান বিভাগের প্রধান পারভেজ চৌধুরী।মীর, মীর আফসার আলী। ভারতের পশ্চিমবঙ্গের জি বাংলা চ্যানেলের মীরাক্কেল অনুষ্ঠানটি বাংলাদেশের দর্শকদের কাছে জনপ্রিয় করেছে তাঁকে। এর আগে বাংলাদেশে এসেছেন আরও দুবার। দুটি বাণিজ্যিক অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। কিন্তু এবার মীর এসেছেন তাঁর ব্যান্ড নিয়ে, নাম ব্যান্ডেজ। মীরের ভাষায় কমেডি ব্যান্ড।শুরুতেই মীর বললেন, ‘কত তাড়াতাড়ি এক দেশ থেকে আরেক দেশে চলে এলাম। যে গাড়িটি আমাকে কলকাতায় দমদম বিমানবন্দরে ছাড়তে এসেছিল, গাড়িটি তখনো বাড়ি পর্যন্ত যেতে পারেনি। ব্যাপারটা একদম স্বপ্নের মতো। কাগজে-কলমে আমরা জানি, আকাশপথে ঢাকা ও কলকাতার দূরত্ব মাত্র আধঘণ্টা। সেটা যখন বাস্তবে দেখি, তখন ভীষণ রকমের একটা রোমাঞ্চ হয়। আর তা আমাদের সবারই হয়েছে।’মীরাক্কেল তো দর্শক টিভির পর্দায় দেখে, তাই মীরাক্কেল নয়, মীরের ব্যাপারে একটু জানা যাক। মীরও তাতে রাজি হলেন। তিনি বললেন, ‘খুবই সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি। পশ্চিমবঙ্গের একটি জেলা মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদের ছোট্ট শহর আজিমগঞ্জ। এখানেই আমার জন্ম। আব্বা-আম্মা কলকাতাতেই থাকতেন। আমার জন্ম নানাবাড়িতে। তবে বড় হয়ে ওঠা, পড়াশোনা—সবই হয়েছে কলকাতায়।’নিজের পরিবারের জীবনসংগ্রামের চিত্রটা তিনি তুলে ধরলেন এভাবে, ‘আমরা থাকতাম মধ্য কলকাতার একটি বাড়িতে, সিঁড়িতলার ঘরে। আব্বা, আম্মা আর আমি। এ ঘরেই থাকা, এ ঘরেই খাওয়া-দাওয়া, এ ঘরেই সব। জুতো রাখা হতো খাটের তলায়। এর চেয়ে ভালোভাবে থাকার মতো সে রকম আর্থিক সামর্থ্য ছিল না আব্বার। বাড়িটির মালিকানা নিয়ে মালিক আর প্রমোটরের মধ্যে একটা জটিলতা ছিল। তার খেসারত দিতে হয় আমাদের। একদিন সেখান থেকে সরাসরি আকাশের তলায় এসে দাঁড়াতে হয়। মাথার ওপর ছাদ নেই। আমার ছোটবেলাটা কেটেছে হীনম্মন্যতায়। আমার আর কোনো বন্ধুর এমন অভিজ্ঞতা হয়নি। কলকাতা শহরে একেবারে নিঃস্ব। রাস্তার ভিখারির সঙ্গে আমাদের কোনো পার্থক্য ছিল না।’মীরের আর কোনো ভাই-বোন নেই। তিনি বললেন, ‘আব্বা-আম্মা আর কোনো সন্তানের কথা ভাবতে পারেননি। কারণ, আমাকে মানুষ করাটাই ছিল তাঁদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’মীরকে নতুন জীবনের সন্ধান দিয়েছিল একটি পুরোনো সংবাদপত্র। আর তা তিনি পেয়েছিলেন লন্ড্রি থেকে। লন্ড্রি থেকে মীরের কাপড়গুলো পুরোনো খবরের কাগজ দিয়ে মুড়িয়ে দেওয়া হয়। ওই খবরের কাগজে ছিল এফএম রেডিওর একটি বিজ্ঞাপন: ‘যারা রেডিওতে কাজ করতে ইচ্ছুক, তাঁরা যোগাযোগ করুন...।’ যোগাযোগের সময় বাকি আছে আর মাত্র এক দিন। এক বন্ধুর পরামর্শে আবেদন করেন মীর। কাজ করার সুযোগও পেয়ে যান। এরপর টানা ১৮ বছর এফএম রেডিওতে কাজ করছেন মীর। পাশাপাশি দূরদর্শন টিভিতে কাজ করেছেন সংবাদ পাঠক হিসেবে। তবে মানুষের খুব কাছাকাছি তাঁকে পৌঁছে দিয়েছে রিয়ালিটি শো মীরাক্কেল।অনুষ্ঠানের নাম মীরাক্কেল কেন? মীর বললেন, ‘মীরের আক্কেল। নামটা চ্যানেলই ঠিক করেছিল। ভাবনাটা ছিল, মীর যা-ই করুক না কেন, এর মধ্যে মজার কিছু থাকবে।’নিজের কমেডি ব্যান্ড ব্যান্ডেজ নিয়ে তাঁর কথা, ‘আমরা খুব খারাপ, আমাদের কেউ নেয় না, পচা গান গাই। আমাদের গানের কোনো সুর নেই, তাল নেই। যেখানে যাই, সেখানে এত মার খাই, শেষে আয়োজকেরা ব্যান্ডেজ লাগিয়ে আমাদের ফেরত পাঠিয়ে দেন। আমরা মার খাওয়া ব্যান্ড।’ শুরুটা হয়েছিল এমন নেতিবাচক প্রচারণা দিয়ে। ‘তবে ভাগ্য ভালো, সবাই তা ইতিবাচকভাবেই নিয়েছেন। সামনের বছর জানুয়ারিতে আমাদের প্রথম অ্যালবাম আসছে, অসামসালা।’মীরের একমাত্র মেয়ে মুসকান। চতুর্থ শ্রেণীতে পড়ছে। স্ত্রী সোমা ভট্টাচার্য, পেশায় চিকিৎসক। একটি হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট।মীর জানালেন, শিগগিরই বাংলাদেশের টিভি চ্যানেলে কাজ করার সম্ভাবনা আছে তাঁর। আলোচনা হচ্ছে। সবকিছু চূড়ান্ত হলে কলকাতায় নয়, অনুষ্ঠানটি করার জন্য তিনি আবার ঢাকায় আসবেন।