ব্রাজিলের সব শিশুই নাকি প্রথম দুটো বুলি শেখে—‘মা’ আর ‘ফুটবল’। কিন্তু শুধু বিশ্বের সেরা কফি আর সেরা সেরা সব ফুটবলারই নয়; লাতিন আমেরিকার বিশাল দেশ ব্রাজিল জন্ম দিয়েছে নামীদামি সব সুপারমডেলেরও। তারকাদের আয়ের হিসাব দেওয়ায় খ্যাত ফোর্বস সাময়িকীর হিসাব বলছে, মডেলদের রাজত্ব এখন ব্রাজিলের জিজেলি বুনশিনেরই দখলে। গত এক বছরে (২০১০ সালের মে থেকে ২০১১-এর মে) সর্বোচ্চ আয় করা মডেলদের যে তালিকা দিয়েছে ফোর্বস, তাতে টানা দ্বিতীয় বছরের মতো শীর্ষে আছেন বুনশিন। গত বছরের তালিকার সঙ্গে শীর্ষে চারে আসলে কোনো রদবদল নেই। সেরা চারে আছেন আরেক ব্রাজিলিয়ান আদ্রিয়ানা লিমা।তবে একক রাজত্ব লিমার স্বদেশি বুনশিনের। ফোর্বসের শীষ দশ মডেল মিলে গত এক বছরে আয় করেছেন ১১ কোটি ২০ লাখ মার্কিন ডলার। এর তিন ভাগের এক ভাগই গেছে বুনশিনের ব্যাংক অ্যাকাউন্টে। লিওনার্দো ডি ক্যাপপ্রিওর এই সাবেক প্রেমিকা একাই আয় করেছেন সাড়ে চার কোটি ডলার, যেখানে দ্বিতীয় স্থানে থাকা জার্মান মডেল হেইডি ক্লুম গত বছর আয় করেছেন দুই কোটি ডলার।তবে সব সুপারমডেলেরই আয় বেড়েছে গত বছর। বিশ্বজুড়ে চলা অর্থনৈতিক মন্দার কালো মেঘ যে সরে যাচ্ছে, এটা তারই ইঙ্গিত। এ বছর শীর্ষ দশ মডেলের গড় আয় ৩০ শতাংশ পর্যন্ত বেড়েছে। তালিকার শীর্ষ তিনে থাকা বুনশিন, ক্লুম আর কেট মস তিনজনই সুপারমডেল থেকে ধীরে ধীরে ‘বিজনেস মুঘল’ হয়ে উঠছেন বলে মন্তব্য করে ফোর্বস লিখেছে, সুপারমডেলরা তাঁদের পরিচয়ে ব্যাপ্তি বাড়াচ্ছেন। এখন তাঁরা একই সঙ্গে ডিজাইনার, উদ্যোক্তা এবং পপ আইকনও।২০০৯-১০ অর্থবছরের তুলনায় এবার বুনশিনের আয় বেড়েছে দুই কোটি ডলার। এর পেছনে আয়ে প্রোক্টর অ্যান্ড গ্যাম্বলের হয়ে তাঁর সাফল্য। পিঅ্যান্ডজির প্যান্টিন শ্যাম্পুর বিক্রি লাতিন আমেরিকায় ৪০ শতাংশ বেড়েছে বুনশিনের কারণে। অথচ ৩০ বছর বয়সী এই তারকা এরই মধ্যে বিয়ে করে মা-ও হয়েছেন। ঘরকন্যাও সামলাচ্ছেন। যে রাঁধে, সে চুলও বাঁধে! বুনশিনের আয় দ্বিগুণের কাছাকাছি বেড়ে যাওয়ার আরেকটি বড় কারণ ডলারের বিপরীতে ব্রাজিলীয় মুদ্রার মূল্যমান বেড়ে যাওয়াও। আনন্দ প্রতিবেদকসূত্র: ওয়েবসাইট