
দৃশ্যটি একই সঙ্গে অভিনব এবং উত্সবমুখর। শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে সাধারণত নাটকের মঞ্চায়ন হয় না। কিন্তু সেখানে চলছে ‘প্রাঙ্গণেমোর নাট্যায়োজন’। এই উপলক্ষে মিলনায়তনের মূল প্রবেশপথ থেকে মঞ্চ পর্যন্ত চারদিকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। গতকাল রোববার এখানে মঞ্চস্থ হয় লোকনায়ক নাটকটি। প্রাঙ্গণেমোর নাট্যদল ১০ বছর পূর্ণ করেছে। এর মধ্যে আটটি এনেছে মঞ্চে। এই আটটি নাটক নিয়ে সংগীত ও নৃত্যকলা ভবনে শুরু হয়েছে ‘প্রাঙ্গণেমোর নাট্যায়োজন ২০১৩’ নামের আট দিনের উত্সব। গতকাল ছিল এর তৃতীয় দিন। ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে চারণ কবি মুকুন্দ দাসের জীবন নিয়ে দলের তৃতীয় প্রযোজনা লোকনায়ক। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনন্ত হিরা, নূনা আফরোজ, আওয়াল রেজা, রামিজ রাজু, শিশির রহমান প্রমুখ। মুকুন্দ দাস ছিলেন স্বভাবকবি। নাটকে দেখা যায় গ্রামেগঞ্জে ঘুরে গান গেয়ে বেড়ানো মুকুন্দ দাসকে নিয়ে তাঁর বাবা দুশ্চিন্তায় পড়ে যান। তিনি ভাবলেন ছেলেকে বিয়ে দিলে হয়তো বউয়ের টানে ঘরে ফিরবে। বিক্রমপুরের মেয়ে শতদলবাসিনীর সঙ্গে বিয়ে দেন তিনি। কিন্তু যার রক্তে গানের নেশা, সে কি আর ঘরে থাকবে? মুকুন্দ আবারও বেরিয়ে পড়লেন গানের দলের সঙ্গে। দিনের পর দিন, রাতের পর রাত গ্রামে গ্রামে আসর করে বেড়ান। ক্রমেই মুকুন্দ দাসের খ্যাতি ছড়িয়ে পড়তে থাকে। নানা ঘনঘটার মধ্য দিয়ে এগিয়ে মুকুন্দ দাসের জীবন। যে জীবন গানের সঙ্গে এক সুতায় গাঁথা। তার গানে প্রবলভাবে ফুটে ওঠে স্বদেশি আন্দোলনের আহ্বান। এ নিয়ে এগিয়ে যায় নাটক। পুরো নাটকেই ছিল ‘ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে’, ‘আয়রে বাঙালী’, ‘বান এসেছে মরা গাঙ্গে’সহ মুকুন্দ দাসের কালজয়ী গানের ব্যবহার। গান এবং দুজন কথকের বর্ণনায় বিভিন্ন চরিত্রের রূপায়ণের মধ্য দিয়ে এগিয়ে যায় নাটক। আজ চতুর্থ দিনে রয়েছে নূনা আফরোজের নির্দেশনায় রবীন্দ্রনাথের রক্তকরবী।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উত্সব
সম্মিলিত সাংস্কৃতিক জোট দেশব্যাপী বিজয় উত্সব উদ্যাপনের ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। উত্সব সফল করতে জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফকে আহ্বায়ক, গোলাম কুদ্দুছকে সহসভাপতি, ঝুনা চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক ও সাধারণ সম্পাদক হাসান আরিফকে প্রধান সমন্বয়কারী করে বিজয় উত্সব উদ্যাপন কমিটি গঠন করা হয়েছে। গঠন করা হয়েছে ১৪টি উপপরিষদ। সব জেলায় ১৪ ডিসেম্বর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে বিজয় উত্সব অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে অবস্থিত জোটের কার্যালয়ে বিজয় উত্সবের দপ্তর খোলা হয়েছে। উত্সব সফল করতে সংগঠনের সব সদস্যকে বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত উত্সব দপ্তরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন জোটের নেতারা।