মুকেশের জন্মদিনে গুগলের ডুডল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুকেশকে নিয়ে গুগলের ডুডল
মুকেশকে নিয়ে গুগলের ডুডল

‘কাভি কাভি মেরে দিল মে’ গানের খ্যাতিমান শিল্পী মুকেশের জন্মদিন আজ। কিংবদন্তি এই শিল্পীর ৯৩তম জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ডুডল তৈরি করেছে সার্চ ইঞ্জিন গুগল। সরাসরি গুগলে প্রবেশ করে ‘আম ফিলিং লাকি’ বাটনে ক্লিক করলে দেখা যাচ্ছে সেটি।

বলিউডের জাঁদরেল অভিনেতা রাজ কাপুর যতগুলো গানে ঠোঁট মিলিয়েছেন, সেগুলোর প্রায় সব কটি গানই গেয়েছেন মুকেশ। ডুডলে একটি মাইক্রোফোনসহ হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দেখা যাবে তাঁকে। পেছনে একজন নারী ও পুরুষের রোমান্টিক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকার দৃশ্য। মনে হবে যেন ১৯৭৫ সালের সেই দর্শকনন্দিত ‘কাভি কাভি’ ছবির গান ‘কাভি কাভি মেরে দিল মে’ গানটির দৃশ্য সেটি।

১৯২৩ সালে দিল্লির একটি মধ্যবিত্ত পরিবারে জন্মেছিলেন মুকেশ। শৈশব থেকেই অভিনয় ও গানের প্রতি আগ্রহ ছিল তাঁর। প্রিয় শিল্পী ছিলেন কুন্দন লাল সেগাল। ১৯৪১ সালে প্রথম ‘নির্দোষ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে আসেন অভিনয় জগতে। নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাই এলেও গানই তাঁকে বিখ্যাত করে তোলে। পণ্ডিত জগন্নাথ প্রাসাদের কাছে গানের তালিম নেন। প্রথমবারের মতো সিনেমার গানে কণ্ঠ দেন ‘পেহলি নজর’ ছবিতে।


তাঁর গানগুলোতে ঠোঁট মিলিয়েছেন বিখ্যাত তারকা রাজ কাপুর। হিন্দি সিনেমার স্বর্ণযুগে মোহাম্মদ রাফি, মান্ন দে, কিশোর কুমারদের পাশাপাশি তাঁর নামও চলে আসে। ‘আওয়ারা’, ‘শির ৪২০ ’, ‘অনাদি’, ‘সঙ্গম’ ও ‘মেরা নাম জোকার’ সিনেমাগুলোতে গান করেছিলেন এই শিল্পী। ১৯৭৩ সালে ‘রজনীগন্ধা’ ছবিতে ‘কাই বার ইউ হি দেখা হে’ গানটিতে কণ্ঠ দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। তাঁকে অভিহিত করা হয় হিন্দি সিনেমার ‘দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন ভয়েস’ নামে। ১৯৭৬ সালে মারা যান এ মহান শিল্পী। মিডডে ও সিঙ্গারমুকেশ ডটকম।