মুক্ত আসরের প্রতিষ্ঠাবার্ষিকী

ভাষাসংগ্রামী ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়েছেন মুক্তিযুদ্ধভিত্তিক সংগঠন ‘মুক্ত আসর’। গত শুক্রবার সংগঠনটির তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একজন ভাষাসংগ্রামী ও পাঁচজন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়।
রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মুক্ত আসরের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মাসুদুর রহমান বীর প্রতীক, মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ, আবুল হাসান শেখ ও আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে ভাষাসংগ্রামী দেশবরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার, মুক্তিযোদ্ধা ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ দীপক কুমার নাগ, শামসুন্নাহার রশীদ, মো. আবদুল কাদির, সংগীতশিল্পী মনোরঞ্জন ঘোষাল ও এস এম লিয়াকত হোসেনকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
ভাষা ও মুক্তিযোদ্ধাদের সম্মাননার সঙ্গে ছিল তরুণদের জন্য ‘মুক্ত আসর-তারুণ্য পুরস্কার’। দেশের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের কাজের অবদানের জন্য ‘প্রত্ন বাংলা’ নামে একটি সংগঠনকে মুক্ত আসর-তারুণ্য পুরস্কার ২০১৪ দেওয়া হয়৷ মুক্ত আসরের সভাপতি আবু সাঈদ সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করেন৷ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।