৩০ ডিসেম্বর শর্ট ফিল্ম ফোরামের জন্য বিশেষ কোনো দিন নয়। পৌষের স্নিগ্ধ সকালকে বেছে নেওয়া হয়েছিল ফোরামের রজতজয়ন্তীর উৎসব হিসেবে। ধানমন্ডি লেকের পাড়ে, ঢাকা আর্ট সেন্টার সাজানো হয়েছিল মনোরম উৎসবের আমেজে। নির্মাতা, শিল্পী আর ফোরামের সুহূদেরা ছিলেন সুবেশ হাস্যোজ্জ্বল। সকালের নরম আলোয় বুলবুল ইসলামের রবীন্দ্রসংগীত অনুষ্ঠানের মিলনের সুরকেই যেন বেঁধে দিল। ‘ও আমার দেশের মাটি’র সঙ্গে সুরে-বেসুরে সবাই কণ্ঠ মেলালেন, যেন ‘হূদয় যদি পূর্ণ গাহে, কণ্ঠ গাহে আধা’।২৫ বছর আগে তারুণ্য আর ‘ভালো সিনেমা’র উন্মাদনা, তখনকার চলচ্চিত্র সংসদ-কর্মীদের বিকল্প সিনেমা নির্মাণে প্রণোদনা দিয়েছিল। প্রচলিত বাণিজ্যিক সিনেমার উল্টো স্রোতে, সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা, শৈল্পিক প্রকাশ, নিজস্ব সংস্কৃতি আর স্বদেশপ্রেমের অনুরাগ ছাইচাপা আগুনের মতো এই তরুণদের মধ্যে লুকিয়ে ছিল। ৩৫ মিলিমিটারের ছায়াছবির বদলে ১৬ মিলিমিটার ফর্ম্যাট ব্যবহার, স্বল্প খরচে ছোট দৈর্ঘ্যের ছবি, নিজস্ব বিতরণ আর প্রদর্শনব্যবস্থা প্রথম থেকেই বিকল্প সিনেমাকে বিশিষ্টতা দিয়েছে। বড় সময়ের বিচারে এর মধ্যেই হয়তো অনেক অসংগতি ধরা পড়বে, কিন্তু স্বপ্ন পূরণের সিনেমার যাত্রা এখনো অব্যাহত আছে।২৫ বছরে ফোরাম তাহলে কী করেছে? তরুণ বিকল্প সিনেমায় নির্মাতা ও নির্মাণকর্মীদের এক তাঁবুর নিচে নিয়ে এসেছে। অনেক তরুণ চলচ্চিত্রকারের ছায়াছবি নির্মাণে সাহায্যে করেছে। দ্বিবার্ষিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে। সিনেমার শিক্ষার জন্য নানা রকমের কর্মশালা, সেমিনারের ব্যবস্থা করেছে। সিনেমার বৌদ্ধিক বিশ্লেষণের জন্য পত্রিকা প্রকাশ করেছে ইত্যাদি। তথ্য হিসেবে দেখলে এগুলো এক রকম, কিন্তু এর মধ্যে লুকিয়ে ছিল নতুন এক সিনেমার সুফলা বৃক্ষ।বিকল্প সিনেমার উৎসব এ দেশের সংস্কৃতিতে নতুন এক মাত্রা যোগ করেছে। এখানে প্রদর্শন করা হয়েছে পৃথিবীর ধ্রুপদি ছবি থেকে সাম্প্রতিক সময়ে নির্মিত ছায়াছবি। কত বিখ্যাত চলচ্চিত্রকার এই উৎসবে যোগ দিয়েছেন, ভাগ করে নিয়েছেন তাঁদের সিনেমা বানানোর নিরন্তর সংগ্রাম। আমরা বুঝতে পেরেছি বিকল্প সিনেমার নির্মাতারা পৃথিবীর সর্বত্রই প্রান্তিক। শিল্পীর জন্য সমাজের বৈষম্য আর নিজস্ব ভাবনা প্রকাশ করার সংগ্রাম সব দেশেই সমান প্রতিকূল।এর বাইরে এই বিকল্প সিনেমাকে ঘিরেই অন্য মাধ্যমের শিল্পীরাও চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হয়েছেন। সাহিত্য, সংগীত ও চিত্রকলায় শিল্পীদের এমন মেলবন্ধন বোধ করি শর্ট ফিল্ম ফোরামের উল্লেখ করার মতো দিক, যা হয়তো চলচ্চিত্রকারদের মতো অন্য শিল্পীদেরও ভাবনার দিগন্তকে প্রসারিত করেছে।ভাবতে অবাক লাগে, সরকার বা অন্য কোনো বহুজাতিক প্রতিষ্ঠান বিকল্প সিনেমাকে তেমন কোনো সাহায্য করেনি। প্রায় মুষ্টিভিক্ষার অর্থেই ফোরাম তার কাজ চালিয়ে গেছে। আর অগণিত দর্শক, যারা ভালো সিনেমা দেখতে চায়, তাদের সরব উপস্থিতি এই নিরন্তর সংগ্রামকে বাঁচিয়ে রেখেছে।গত ২৫ বছরে সিনেমাও দ্রুত তার দিক বদলেছে, যেমন শৈল্পিকভাবে, তেমনি কারিগরির দিকে। এখন মুঠোফোনের সিমে ব্যক্তিগত সিনেমা বানানো যায়। পুঁজির দাসত্ব থেকে সিনেমা এখন অনেকটাই মুক্ত, কিন্তু মুক্তি ঘটেনি আমাদের মনোজগতে। দৃশ্য-মাধ্যমের অরাজকতা আমাদের সব সংবেদনকে গ্রাস করছে। বাণিজ্যিক সিনেমা, টেলিভিশনের সস্তা নাটক, আর হিন্দি সিরিয়াল আমাদের কোন চুলোয় নিয়ে যাবে, কে জানে? জনপ্রিয় দৈনিক কাগজ বিদেশি সিনেমার যৌন আবেদনময় নায়ক-নায়িকাদের রঙিন ছবিতে ভরপুর। কোথায় আমরা মুখ লুকাব? তখন মনে হয়, শর্ট ফিল্ম ফোরামকে আরও বহু দূর যেতে হবে। এ শুধু সিনেমার আন্দোলনই নয়, এর সঙ্গে কোথাও আমাদের প্রাণস্পন্দনের সম্পর্ক আছে। ব্যর্থতা-সার্থকতার বাইরে এ যেন বাঁচা-মরার নিরন্তর লড়াই।