মুক্ত দিবসে মুক্তিযুদ্ধের নাটকের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ স্বাধীন হওয়ার পরও ৪৬ দিন অবরুদ্ধ ছিল মিরপুর এলাকা। সেই দখলদারি গুঁড়িয়ে দিতে পরে সাধারণ মানুষ, মুক্তিযোদ্ধাসহ প্রায় শতাধিক লোক নিহত হয়েছিল। দিনটি ছিল ৩১ জানুয়ারি। কিন্তু দিনটি জাতীয়ভাবে বিশেষ কোনো দিবস হিসেবে স্বাধীনতার ৩৭ বছরেও বাংলার মানচিত্রে স্থান পায়নি। শুধু মিরপুরবাসীর কাছেই দিনটি প্রতিবছর ফিরে আসে। সেই দিনটিকে ধরে মুক্ত দিবস হিসেবে সাত্ত্বিক নাট্যসম্প্রদায় ‘মিরপুর উৎসব’ নামের মুক্তিযুদ্ধের নাটকের উৎসব আয়োজন করেছে। একই সঙ্গে দলের জনপ্রিয় প্রযোজনা পেজগী নাটকটিরও ৭৫তম প্রদর্শনী উপলক্ষে এর তিনটি প্রদর্শনী শুরু হয়েছে। সাত্ত্বিক সূত্রে জানা গেছে, ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।২৭ জানুয়ারি শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে কামরুজ্জামান তুপার নির্দেশনায় মলিয়েরের পেজগী নাটকটির ৭৪তম প্রদর্শনী হয়। উৎসবের দ্বিতীয় দিন আজ সন্ধ্যায় পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির ৭৫তম বিশেষ প্রদর্শনী মঞ্চস্থ হবে। জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে নাটকটির ৭৬তম প্রদর্শনী হবে। এদিকে দুটি উৎসবের অংশ হিসেবে ৩১ জানুয়ারি মিরপুর মুক্ত দিবস উপলক্ষে জাতীয় নাট্যশালায় চারটি মুক্তিযুদ্ধের নাটক নিয়ে ‘মিরপুর উৎসব’ হবে। প্রথম দিন মুক্তিযুদ্ধের ওপর আলোচনা, সম্মাননা পদকসহ বধ্যভূমির ওপর নির্মিত তিনটি তথ্যচিত্র প্রদর্শিত হবে। ১ ফেব্রুয়ারি লাকী ইনাম নির্দেশিত নাগরিক নাট্যাঙ্গনের সেইসব দিনগুলো মঞ্চস্থ হবে। ২ ফেব্রুয়ারি মঞ্চস্থ হবে দেবাশিষ ঘোষ নির্দেশিত পদাতিক নাট্যসংসদের কথা ৭১ নাটকটি। এক দিন বিরতি দিয়ে ৪ ফেব্রুয়ারি থিয়েটার আরামবাগ পরিবেশন করবে বলদ নাটকটি। এটি নির্দেশনা দিয়েছেন খ ম হারূন। মহাকাল নাট্যসম্প্রদায়ের ঘুম নেই নাটকটি মঞ্চস্থ হবে ৫ ফেব্রুয়ারি। নাটকটির নির্দেশনা দিয়েছেন জন মার্টিন। উৎসবের শেষ দিন থাকছে মোহাম্মদ বারী নির্দেশিত থিয়েটার আর্ট ইউনিটের সময়ের প্রয়োজনে নাটকটি।সাত্ত্বিক নাট্যসম্প্রদায়ের সাধারণ সম্পাদক সগীর মোস্তফা বলেন, ‘১৯৯৯ সাল থেকে আমরা মিরপুরবাসী মুক্ত দিবস হিসেবে কাজ করে আসছি। এরপর ২০০১ সালে এসে মিরপুর উত্সব নামে আমরা প্রতিবছর দিনটিকে ধরে নাট্যোৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি। এবার আমরা সব কটি মুক্তিযুদ্ধের নাটক নিয়ে উৎসব করছি।’ তিনি আরও বলেন, ‘স্বাধীনতা দিবস, বিজয় দিবস আমরা পালন করি। কিন্তু মুক্তিযুদ্ধে মিরপুরের অবদান কোনো অংশেই কম নয়। মিরপুর মুক্ত দিবসটা যাতে একসময় জাতীয় দিবস হিসেবে পালিত হয়, সে চেষ্টাই আমরা করে যাচ্ছি।’