মুক্ত প্রকাশ, মুক্ত বিকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমকালীন নানা বিষয় কবিতা আর গল্পে উঠে এসেছে কিশোর বয়সের বিপ্লব হিসেবে খ্যাত দেয়াল পত্রিকায়। শব্দ, বাক্য, অক্ষর আর রঙের ছোঁয়ার বর্ণাঢ্য রূপে ছাত্রছাত্রীরা সাজিয়েছে তাদের নিজ নিজ দেয়াল পত্রিকা। নজরকাড়া নকশা ও চমৎকার রচনায় সমৃদ্ধ পত্রিকাগুলো পাঠককে এক ভিন্ন জগতে টেনে নিচ্ছিল। কোনো কোনো লেখা পাঠকের কাছে এমন আকর্ষণীয় হয়ে উঠেছিল যে পুরোটা পড়ে শেষ না করে সরতে পারছিলেন না সামনে থেকে। অন্যদিকে, এ পত্রিকাগুলোর খুদে সম্পাদক ও তার দলের সদস্যরাও ছিল উদ্দীপ্ত।‘মুক্ত প্রকাশ, মুক্ত বিকাশ’ স্লোগান নিয়ে বুধবার বিকেলে বাংলা একাডেমী প্রাঙ্গণে শুরু হয়েছে ষষ্ঠ দেয়াল পত্রিকা উৎসব ও প্রতিযোগিতা। সারা দেশের শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক দেয়াল পত্রিকা স্থান পেয়েছে এবারের উৎসবে। ছাত্রছাত্রীদের সুপ্ত লেখক সত্তাকে জাগিয়ে তুলতে এবং তাদের মাঝে সুস্থ সাংস্কৃতিক মূল্যবোধ গড়ে তুলতে বাংলাদেশ দেয়াল পত্রিকা পরিষদ এ উৎসবের আয়োজন করেছে।উৎসবের উদ্বোধন করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। উৎসবে বাংলাদেশ দেয়াল পত্রিকা পরিষদের সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) চেয়ারপারসন হামিদা হোসেন, সাংবাদিক শাহীন রেজা নূর প্রমুখ।তিন দিনের এ উৎসব শেষ হবে কাল শুক্রবার। ওই দিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। উৎসবে অন্বেষা, খড়কুটো, নেত্রবার্তা, প্রতিবাদী, ঐতিহ্য, মসী অনির্বাণ, সোচ্চার, দামিনী, বায়োস্কোপসহ বিভিন্ন দেয়াল পত্রিকা দৃষ্টি কেড়েছে উৎসবের দর্শকদের।রবীন্দ্র চিত্রকলার ওপর শিবকুমারের বক্তৃতাভারতের বিশিষ্ট শিল্পসমালোচক ও কলা ঐতিহাসিক বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রমন শিবকুমার গতকাল বুধবার বেঙ্গল শিল্পালয়ে সন্ধ্যায় ‘রবীন্দ্রনাথের চিত্রকৃতি ও আনুষঙ্গিক প্রসঙ্গ’ বিষয়ে বিশেষ বক্তৃতা দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পী কাইয়ুম চৌধুরী। অধ্যাপক শিবকুমারের পরিচিতি তুলে ধরেন শিল্পসমালোচক মইনুদ্দীন খালেদ।আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পতত্ত্ববিদ রমন শিবকুমার ১৯৫৬ সালে ভারতের কেরালায় জন্মগ্রহণ করেন। তিনি শান্তিনিকেতনের কলাভবনে দীর্ঘকাল শিল্প-ইতিহাস বিষয়ে অধ্যাপনা ও গবেষণা করেছেন।