পঁচাত্তরের ১৫ আগস্ট। ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাড়িতে দেশদ্রোহী ঘাতকদের হামলায় সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হত্যাযজ্ঞের তিন দশকের বেশি সময় পর দোষীদের কাঠগড়ায় তোলা হয়। সেদিন বেঁচে যাওয়া ৩২ নম্বরের প্রহরীরা আদালতে সাক্ষ্য দেন। সব শুনে অপরাধীদের মৃত্যুদণ্ডও দেন বিচারক। এসব ঘটনা উঠে আসে কথাসাহিত্যিক সেলিনা হোসেনের ইতিহাসধর্মী উপন্যাসে। সেই উপন্যাসের গ্রন্থিত অংশ নিয়ে আবৃত্তি সংগঠন মুক্তবাক সাজিয়েছে মুক্তবাক প্রযোজিত অডিও অ্যালবাম আগস্টের একরাত।
গতকাল সন্ধ্যায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের ভিআইপি সেমিনারকক্ষে ছিল এই অডিও অ্যালবামের প্রকাশনা উৎসব। অডিও প্রযোজনাটির গ্রন্থনা ও নির্দেশনা দিয়েছেন ইকবাল খোরশেদ। গতকাল এ অনুষ্ঠানে অতিথি ছিলেন সাংসদ কবি কাজী রোজী, কবি মুহাম্মদ সামাদ প্রমুখ।
বাকশিল্পীদের পরিবেশনায় কাল্পনিক চরিত্রের মাধ্যমে সবাক হয়ে ওঠে বঙ্গবন্ধুর ব্যবহৃত চশমা, টোব্যাকো পাইপ, সাহসী তর্জনী। বঙ্গবন্ধুর যাপিত জীবনের নানা স্মৃতি বর্ণনা করা হয়। উপলব্ধি করা যায় ৩২ নম্বর বাড়ির কর্মচারী, প্রহরী ও বঙ্গবন্ধুর বাল্যবন্ধুদের চরিত্রগুলোকে।
গতকাল প্রকাশনা পর্ব শেষে ছিল বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন কবির রচিত কবিতা নিয়ে আবৃত্তি। বর্ণে, বাক্যে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা নিবেদন করে কবিতাপাঠ করেন মুক্তবাকের শিল্পী ও দেশের প্রথিতযশা আবৃত্তিশিল্পীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাতেমা তুজ জোহরা।