মুক্তমঞ্চের যাত্রা শুরু
পথনাটক উৎসব আয়োজনের মধ্য দিয়ে উন্মুক্ত হলো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত দেশের বৃহত্তম মুক্তমঞ্চ। যদিও মঞ্চটি ব্যবহারের জন্য এখনো কোনো নীতিমালা তৈরি হয়নি এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসেবে কাগজপত্রও বুঝে পায়নি বাংলা একাডেমী। মঞ্চটিতে ১ জুন আয়োজন করা হয়েছে সপ্তাহব্যাপী ‘মহানগর পথনাটক উৎসব’।‘নাটক হবে রাজপথে/ জীবনযুদ্ধ একই সাথে’ স্লোগান নিয়ে বাংলাদেশ পথনাটক পরিষদ সপ্তাহব্যাপী এই উৎসবের আয়োজন করেছে শিল্পকলা একাডেমীর সহযোগিতায়। সোহরাওয়ার্দী উদ্যানের সোনার বাংলা সাংস্কৃতিক বলয় মুক্তমঞ্চে এই উৎসবের উদ্বোধন করেন নাট্যজন মামুনুর রশীদ। পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ এবং গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী। উৎসব শেষ হয় ৭ জুন। উৎসবে প্রতিদিন ছয়টি করে মোট ৪২টি নাটক পরিবেশিত হয়। উন্মুক্ত এ মঞ্চে প্রতিদিনই দর্শকের ব্যাপক ভিড় ছিল। প্রসঙ্গত, ‘মহানগর পথনাটক উৎসব’ মুক্তমঞ্চের প্রথম উৎসব। সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে মুক্তমঞ্চটি। ১৯৯৮ সালে কাজ শুরুর প্রায় ১৩ বছর পর গত ৭ মার্চ এটি খুলে দেওয়া হয়। উদ্বোধনী দিনে মুক্তমঞ্চে বাংলা একাডেমী ৭ মার্চ উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। তাতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম। মুক্তমঞ্চে আয়োজিত নাট্যোৎসব আয়োজক বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘নিয়মিত পথনাটক চর্চার জন্য মুক্তমঞ্চের প্রয়োজনীয়তা আমরা দীর্ঘদিন ধরে অনুভব করে আসছি। গত আওয়ামী লীগ সরকারের সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী ওবায়দুল কাদের আমাদের এক নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণা দিয়েছিলেন, মুক্তমঞ্চটি নির্মিত হলে এটি আমাদের ব্যবহারের জন্য দিয়ে দেওয়া হবে। এখন সে রকম কিছু না হলেও আমরা চাই, দ্রুত নীতিমালা তৈরি করে এটি নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মুক্ত করে দেওয়া হোক। সপ্তাহের শুক্রবার যেন শুধুই পথনাটকের জন্য বরাদ্দ রাখা হয়, সে দাবিও আমাদের।’