‘তখন শুধু বিজ্ঞাপনচিত্রে কাজ করছি। বেশ কয়েকটা প্রচারিতও হয়েছে। এরই মধ্যে সালাহউদ্দিন লাভলুর সঙ্গে কয়েকটি বিজ্ঞাপনে কাজ করার সুযোগ পাই। একদিন তিনি আমাকে ডেকে বললেন, রঙের মানুষ নামের একটি নাটকের বিশেষ এক চরিত্রে তোমাকে অভিনয় করতে হবে। নাটকের গল্প আমার খুবই পছন্দ হলো, সেখানে আমার চরিত্রটি হলো দিলখুশ।’ টেলিভিশন নাটকে নিজের শুরুর কথাগুলো এভাবেই জানালেন মুক্তি, ‘রঙের মানুষ নাটকের পর দিলখুশ চলচ্চিত্রটি এমনই জনপ্রিয় হয়, অনেকে আমাকে দিলখুশ নামেই ডাকতে শুরু করে দেয়!’মুক্তির সঙ্গে যখন কথা হচ্ছিল, তখন উত্তরায় একুশে টেলিভিশনে প্রচারিত দেবাশীষ বড়ুয়া দীপের ঘটক বাকি ভাই নামের একটি নাটকের শুটিং চলছিল। সামাজিক নানা ধরনের কুসংস্কার সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাই এই নাটকের বিষয়বস্তু। শুটিংয়ের ফাঁকেই চলে কথাবার্তা।মুক্তি অভিনয় করেছেন শ খানেক নাটকে। ‘অনেক ভালো ভালো কাজ করেছি, এর মধ্যে রয়েছে কাজী নজরুল ইসলামের লেখা অগ্নিগিরি, আবুল হায়াতের শুকনো ফুল রঙিন ফুল, নরেশ ভূঁইয়ার বিনি সুতার মালাসহ আরও অনেক জনপ্রিয় নাটক।’ কথাগুলো বলে কিছুটা থামলেন মুক্তি। ‘কিন্তু অনেক দিন ধরেই আমার সবচেয়ে বড় স্বপ্ন চলচ্চিত্রে অভিনয় করা। একটা সুযোগ পেয়েও গেলাম ২০০৯ সালে। হাসিবুল ইসলাম মিজানের তুমি আছ হূদয়ে চলচ্চিত্র দিয়েই চলচ্চিত্র জগতের খাতায় নিজের নাম লেখালাম। কিন্তু তখন বাণিজ্যিকভাবে সেই চলচ্চিত্রটি সফল হয়নি। মুক্তি তখনো দমে যায়নি। ‘এরপর ভাবলাম, নিজেকে আগে চলচ্চিত্রের জন্য তৈরি করা প্রয়োজন। তাই তখন চলচ্চিত্রে কাজ না করে বেছে বেছে নাটক করতে আর নিজেকে চলচ্চিত্রের জন্য প্রস্তুত করতে লাগলাম।’ মুক্তির কথায় আত্মবিশ্বাসের ছাপ।‘নিয়মিত অভিনয় করলেও আমার শুরুটা কিন্তু নাচ দিয়ে।’ মুক্তির মুখে শোনা যায় পুরোনো দিনের কথা। ছোটবেলা থেকেই নাচের দিকে প্রচণ্ড ঝোঁক ছিল। এরপর ১৯৯৩ সালে বাংলাদেশ শিশু একাডেমী থেকে নাচ শেখা। শুরুটা শেষ হয় বুলবুল ললিতকলা একাডেমির মাধ্যমে। এরই মধ্যে মুক্তি নিজেকে পুরোদস্তুর নৃত্যশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। পুরস্কারও পেয়েছেন বেশ কিছু।ভালো অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করে আবার ফিরে এসেছেন সেই স্বপ্নের জায়গায়। ‘আবারও অভিনয় শুরু করেছি চলচ্চিত্রে। শাহাদাৎ হোসেন লিটনের তোমার আমার প্রেমের বাঁধন চলচ্চিত্রে শাকিব খানের সঙ্গে অভিনয় করছি। এই চলচ্চিত্রে শাকিব খান স্মৃতি হারান, এরপর নানা প্রেমের ঘটনা ঘটতে থাকে তাঁর স্মৃতি ফিরে পাওয়া পর্যন্ত। আর বলা যাবে না, বাকিটা চলচ্চিত্রেই দেখবেন।’ রসিকতা করলেন মুক্তি। তাঁর মুখেই জানা গেল, শিগগিরই এই চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু হবে।মুক্তির ভাবনাজুড়ে এখন শুধুই চলচ্চিত্র। সেই কথা বোঝা যায় তাঁর কথায়ও, ‘চলচ্চিত্রে ভালো অভিনয় করে প্রতিষ্ঠিত হওয়াই আমার বড় লক্ষ্য। আর নাটকে তো সেভাবে নাচের সুযোগ নেই, চলচ্চিত্রে নাচের মাধ্যমে নিজেকে প্রকাশের সুযোগ রয়েছে। এই কাজটি আমি ভালো পারি। চলচ্চিত্র অমর। মানুষ অনেক দিন পর্যন্ত দেখে, মনে রাখে।’ চলচ্চিত্রে কাজ করলে নাটক করবেন না? ‘নাটকও করব বেছে বেছে, কিন্তু ওই চলচ্চিত্রই এখন আমার ধ্যান-জ্ঞান।’ মুক্তির দৃপ্ত উচ্চারণ।