মুক্তি ও মানবাধিকারবিষয়ক আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উৎসব
তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের আদর্শ ছড়িয়ে দিতে রাজধানীতে শুরু হয়েছে মুক্তি ও মানবাধিকারবিষয়ক ষষ্ঠ আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উৎসব। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী। মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত এই উৎসব ৭ অক্টোবর পর্যন্ত চলবে। বিশিষ্ট চলচ্চিত্রকার তারেক মাসুদ ও চলচ্চিত্র গ্রাহক মিশুক মুনীরকে উৎসর্গ করা হয়েছে চার দিনের এ উৎসব।দেশ-বিদেশের ৪০টি প্রামাণ্যচিত্র দিয়ে সাজানো হয়েছে এবারের উৎসব। বাংলাদেশসহ পৃথিবীর দেশে দেশে মুক্তি ও মানবাধিকারের জন্য মানুষের স্বপ্ন, স্বপ্নভঙ্গ ও স্বপ্ন পূরণের নিরন্তর সংগ্রামের প্রতিচ্ছবি উঠে এসেছে এসব তথ্যচিত্রে।উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি অভিনেত্রী সারা যাকের। ধন্যবাদ জ্ঞাপন করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্যসচিব মফিদুল হক। কথামালায় অংশ নেন উৎসব পরিচালক ফৌজিয়া খান।মফিদুল হক জানান, আগের উৎসবগুলোর তুলনায় এ বছর অনেক বেশি ছবি জমা পড়েছে। মুক্তি ও মানবাধিকারবিষয়ক এসব ছবি বাছাই করা হয়েছে সুচিন্তিতভাবে। সমাজ ও রাষ্ট্রের চলমান সমস্যা নিয়ে সারা বিশ্বে সেলুলয়েডে যেসব কাজ হচ্ছে সেগুলোকে যুক্ত করা হয়েছে উৎসবে। আর দর্শকেরা এ উৎসবে বিশ্বের সেরা প্রামাণ্যচিত্রগুলো দেখার সুযোগ পাবে।উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় প্রদর্শিত হয় চিলির প্যাটরিসিও গুজমান নির্মিত ৫৮ মিনিটের প্রামাণ্যচিত্র অবসটিন্ট মেমোরি। এরপর দেখানো হয় বাংলাদেশের মোল্লা সাগর নির্মিত তথ্যচিত্র সাইরেন। আজ শুক্রবার বেলা ১১টা থেকে একটা পর্যন্ত রয়েছে স্কুলের শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রদর্শনী। এ পর্বে বাংলাদেশের দুটি ও পাকিস্তানের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। বাংলাদেশের ছবি দুটি হলো জহির রায়হানের স্টপ জেনোসাইড ও ইয়াসমিন কবীরের স্বাধীনতা। পাকিস্তানি তথ্যচিত্রটির শিরোনাম অ্যামনেসিয়া। বেলা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত দেখানো হবে শাহরিয়ার কবির নির্মিত দুঃসময়ের বাংলাদেশ এবং মার্কিন পরিচালক জন অ্যালপার্ট ও ম্যাথিউ ও’নিলের ছবি চীনাস আ ন্যাচারাল ডিজাস্টার। বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দেখানো হবে সাইফুল ওয়াদুদের অপরাজেয় বাংলা এবং ভারতের নিশিথা জেনের লক্ষ্মী অ্যান্ড মি। সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত প্রদর্শিত হবে তানভীর মোকাম্মেলের ১৯৭১ ও ব্রাত্য আমীনের পতাকা।