মুক্তি পাচ্ছে না নতুন ছবি বিপাকে প্রেক্ষাগৃহ মালিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেড় মাসেরও বেশি সময় নতুন কোনো ছবি মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চলচ্চিত্র প্রযোজকেরা। জানা গেছে, বিশ্বকাপ ক্রিকেটের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এর ফলে বিপাকে পড়েছেন প্রেক্ষাগৃহের মালিকেরা। দেশের প্রেক্ষাগৃহের মালিকেরা গত সপ্তাহে এক বৈঠকে মিলিত হন। সেখানে ছবির সংকট নিয়ে আলোচনা হয়। বৈঠকে উল্লেখযোগ্যসংখ্যক মালিক এ অবস্থায় প্রেক্ষাগৃহ খোলা রাখা সম্ভব নয় বলে জানিয়েছেন।জানা গেছে, নতুন ছবি মুক্তি না পেলে দেশের অধিকাংশ প্রেক্ষাগৃহ বন্ধ থাকবে। এ ব্যাপারে প্রেক্ষাগৃহ মালিকদের বক্তব্য, পুরোনো ছবি চালিয়ে প্রেক্ষাগৃহের খরচ তুলে আনা সম্ভব নয়। প্রেক্ষাগৃহ মালিকদের সংগঠন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি কে এম আর মঞ্জুর বলেন, ‘বিশ্বকাপ ক্রিকেট ছাড়াও চলচ্চিত্রের আরও অনেক সংকট রয়েছে। মাসে এখন ছয়টি ছবিও মুক্তি পায় না। কিন্তু এভাবে প্রেক্ষাগৃহ ব্যবসা অব্যাহত রাখা সম্ভব নয়।’ তিনি আরও বলেন, ‘আমাদের প্রেক্ষাগৃহগুলোকে ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেমের আওতায় নিয়ে আসার জন্য বলা হচ্ছে। কিন্তু দেশে ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেমে ছবি নির্মাণের কোনো সুবিধা নেই। তাহলে কেন আমরা অযথা টাকা বিনিয়োগ করব? দেশে অপ্রয়োজনীয় স্যাটেলাইট চ্যানেলগুলো বন্ধ করে দিতে সরকারকে অনুরোধ করছি। তা না হলে চলচ্চিত্র ব্যবসার উন্নতি হবে না। ব্যবসার উন্নতি না হলে ছবির নির্মাণসংখ্যাও বাড়বে না। ছবি না থাকলে প্রেক্ষাগৃহও বাঁচবে না।’