মুক্তি পাচ্ছে রাজেশ খান্নার শেষ ছবি ‘রিয়াসাত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবাইকে ছেড়ে ১৮ জুলাই বুধবার না-ফেরার দেশে চলে গেছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা রাজেশ খান্না। এখনো তাঁকে হারানোর শোকে স্তব্ধ হয়ে আছেন তাঁর অগণিত ভক্ত। সেই ভক্তরা তাঁদের প্রিয় অভিনেতাকে আবার রুপালি পর্দায় দেখার সুযোগ পাবেন এ বছরই। ২৯ ডিসেম্বর রাজেশ খান্নার ৭০তম জন্মদিন। এর এক দিন আগে মুক্তি পাবে তাঁর অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘রিয়াসাত’।অনেকটা গোপনেই ছবিটির শুটিং শুরু করেছিলেন রাজেশ খান্না। শুটিং পুরোপুরি শেষ না হলেও ছবির কাজ সম্পন্ন করতে তেমন কোনো সমস্যা হবে না বলেই জানিয়েছেন এর পরিচালক অশোক ত্যাগী। এ প্রসঙ্গে তাঁর উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, ‘আমি বলব না যে আমার ছবির কাজ অসম্পূর্ণ রেখে চলে গেছেন খান্না। ছবির বেশির ভাগ অংশের কাজই তিনি করেছেন।’অশোক ত্যাগী আরও বলেন, ‘তবে হ্যাঁ, আরও কয়েকটি দৃশ্যের শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল রাজেশ খান্নার। তাঁর শারীরিক অবস্থা ঠিক থাকলে অবশ্যই ওই সব দৃশ্য ধারণ করা হতো। এর পরও যেটুকু দৃশ্য ধারণের কাজ সম্পন্ন হয়েছে, তা দিয়ে অনায়াসে ছবিটির কাজ শেষ করতে পারব আমরা। ছবিটি দেখে কোনো রকম অসম্পূর্ণতা খুঁজে পাবেন না দর্শকেরা।’‘রিয়াসাত’ ছবির ডাবিংয়ের যেটুকু অংশ বাকি আছে তা প্রখ্যাত সংগীতশিল্পী সুদেশ ভোঁশলেকে দিয়ে করানোর পরিকল্পনা করছেন নির্মাতা অশোক ত্যাগী। রাজেশ খান্নার অভিনয়ে ফেরার বিষয়টি খুব কম মানুষই জানত। ছবির শুটিং চলাকালেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত পৃথিবীর মায়া কাটিয়ে চলে যান। ছবিটিতে রাজেশ খান্না ছাড়া আরও অভিনয় করেছেন গৌরী কুলকার্নি, আরিয়ান ভেদ, আরমান রামসে প্রমুখ। শারীরিক দুর্বলতার কারণে চলতি বছরের এপ্রিলে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন রাজেশ খান্না। সেবার তিন-চার দিন হাসপাতালে ছিলেন তিনি। এরপর আরও কয়েকবার হাসপাতালে যেতে হয়েছে তাঁকে। সর্বশেষ ১৬ জুলাই সোমবার বিকেলে বাড়িতে নিয়ে আসা হয় তাঁকে। শারীরিক অবস্থার অবনতি হলে বাড়িতেই কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করে বাঁচিয়ে রাখা হয়। সেখানেই ১৮ জুলাই বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। ১৯৪২ সালের ২৯ ডিসেম্বর ভারতের অমৃতসরে জন্মগ্রহণ করেছিলেন ভারতের এই প্রখ্যাত অভিনেতা। তাঁর নাম ছিল যতীন খান্না। পরবর্তী সময়ে নাম পাল্টে তিনি হয়ে যান রাজেশ খান্না। ১৯৬৬ সালে ‘আখরি খত (দ্য লাস্ট লেটার)’ ছবির মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন। তাঁকে হিন্দি চলচ্চিত্রের প্রথম ‘সুপারস্টার’ হিসেবে বিবেচনা করা হয়। দীর্ঘ অভিনয়জীবনে ‘রাজ’, ‘দো রাস্তে’, ‘আরাধনা’সহ মোট ১৬৩টি ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে ১০৬টি ছবিতেই কেন্দ্রীয় চরিত্রে দেখা গেছে তাঁকে। ১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত পর পর ১৫টি হিট ছবি উপহার দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন ‘রোমান্টিক হিরো’ রাজেশ খান্না। সর্বশেষ ২০০৮ সালে ‘ওয়াফা: এ ডেডলি লাভ’ স্টোরি ছবিতে মূল চরিত্রে অভিনয় করেন তিনি।কাজের স্বীকৃতি হিসেবে দাদা সাহেব ফালকে, প্রাইড অব দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি, কলা রত্ন, অপ্সরা, জি সিনে, আইফা, ফিল্মফেয়ারসহ অসংখ্য পুরস্কার জিতেছেন গুণী এই অভিনেতা। মৃত্যুর কিছুদিন আগে আর বাল্কির নির্দেশনায় হ্যাভেল’স ফ্যানের বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছিলেন রাজেশ খান্না।