মুক্তি পেছাল 'মুখোশ মানুষ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মুখোশ মানুষ’ ছবির পোস্টার
‘মুখোশ মানুষ’ ছবির পোস্টার

নওশীন-হিল্লোল অভিনীত ‘মুখোশ মানুষ’ ছবিটি সেন্সরে পাস হওয়ার পরপরই মুক্তির দিন ঠিক হয়। কথা ছিল, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন দেশজুড়ে মুক্তি পাবে ছবিটি। কিন্তু হঠাৎ করেই মুক্তির তারিখ পরিবর্তন হয়ে গেল।
ছবির পরিচালক ইয়াসির জুয়েল বলেন, ‘বাংলাদেশে একটা ঐতিহ্য আছে, বিজয় দিবসের দিন সাধারণত মুক্তিযুদ্ধের ছবি মুক্তি দেওয়া হয়। ক্রাইম থ্রিলার নিয়ে আমাদের এই ছবির গল্প। তাই মুক্তিযুদ্ধের প্রতি সম্মান রেখেই মুক্তি পিছিয়ে দিয়েছি।’
এরই মধ্যে নতুন তারিখও চূড়ান্ত হয়েছে। এখন ৩০ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। ইয়াসির জুয়েল বলেন, ‘বছরের শেষ শুক্রবার ছবিটির মুক্তি চূড়ান্ত করেছি আমরা। সময়টাও ভালো।’
বর্তমান সময়ের সাইবার ক্রাইমের ওপর কয়েকটি সত্য ঘটনা অবলম্বনে ছবিটির চিত্রনাট্য তৈরি হয়েছে। সেখানে সমাজের নানা অসংগতি থেকে তরুণ সমাজকে সচেতন করার চেষ্টা আছে।
মুক্তির আগে আগে ‘মুখোশ মানুষ’ ছবিটির অফিশিয়াল পোস্টার প্রকাশিত হয়েছে। নওশীন ও হিল্লোল ছাড়াও এতে অভিনয় করেছেন কল্যাণ কোরাইয়া, মিমো, প্রসূন আজাদ, রাইজা রশিদ প্রমুখ।