মুক্তি পেছাল 'আকাশ কত দূরে'র

হরতাল আর অবরোধের কারণে পিছিয়ে গেল সামিয়া জামানের নতুন চলচ্চিত্র ‘আকাশ কত দূরে’র মুক্তির তারিখ। তবে ছবিটির নতুন মুক্তির নতুন তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
এ প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে সামিয়া জামান জানিয়েছেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি এখন মোটেও ভালো নয়। এ অবস্থায় ছবি মুক্তি দেওয়া মোটেও ঠিক হবে না। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলেই সুবিধাজনক সময়ে ছবিটি মুক্তি দেওয়া হবে।’
এদিকে ছবি প্রসঙ্গে সামিয়া জামান জানিয়েছেন, ‘পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো ছবি ‘‘আকাশ কত দূরে’’। সুস্থ বিনোদনমূলক চলচ্চিত্র বলতে যা বোঝায়, এটি সে রকম।’
আকাশ কত দূরে ছবিটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও গান লিখেছেন জুলফিকার রাসেল। তিনি বলেন, ‘এটি আমার প্রথম ছবি। প্রথম ছবিতেই সরকারের অনুদান পেয়ে যাব, ভাবিনি।’
সরকারি অনুদানে নির্মিত ‘আকাশ কত দূরে’ ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও ভার্সা মিডিয়া। অভিনয় করেছেন রাজ্জাক, শর্মিলী আহমেদ, মোস্তফা প্রকাশ, ফারিয়া হোসেন, মিশা সওদাগর, অঙ্কন প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন ইবরার টিপু ও বেলাল খান।
সামিয়া জামান পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘রানী কুঠির বাকি ইতিহাস’। ২০০৬ সালে মুক্তি পাওয়া এ ছবিটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস ও পপি।